শুধু অ্যালিস নন, সহকর্মীর সঙ্গেও পরকীয়ায় মজেছিলেন! জেনেসেনকে বরখাস্তের পথে এনভিডিয়া

আরও বিপাকে এনভিডিয়া কর্তা জেনসেন হুয়াং। শুধু চিনা ‘গুপ্তচর’ অ্যালিস হুয়াং নন। এক সহকর্মীর সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন। মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমসে’র একটি রিপোর্টে এমনই বিস্ফোরক দাবি করা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, জানা যাচ্ছে, বিতর্কের মাঝে জেনসেনকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে এনভিডিয়া। ইতিমধ্যেই সংস্থা নয়া সিইও-র সন্ধান শুরু করেছে।
‘নিউ ইয়র্ক টাইমস’ এবং ‘রয়টার্সে’র প্রতিবেদন অনুযায়ী, ৬৩ বছর বয়সি জেনসেনের সংস্থার হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। কিম্বার্লি জেনসেনের অধীনেই কাজ করতেন। এনভিডিয়ার দুই প্রাক্তন কর্মী জানিয়েছেন, গত মার্চ মাসে স্যান জোসেতে আয়োজিত একটি সম্মেলনের সময় তাঁরা জেনসেন ও কিম্বার্লিকে একটি হোটেলে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলেন। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রত্যক্ষদর্শীরা তাঁদের সেই মুহূর্ত ক্যামেরাবন্দিও করেছিলেন। তবে গোটা বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন জেনসেন।
প্রসঙ্গত, চিনা ‘গুপ্তচর’ অ্যালিসের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কেলেঙ্কারিতে এমনিতেই অস্বস্তিতে ছিলেন জেনসেন। নিজেই সে কথা স্বীকার করে নিয়েছিলেন এনভিডিয়া কর্তা। জানিয়েছেন, তিনি তাঁর স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না। এর জন্য এনভিডিয়া-কর্তা ক্ষমাও চেয়েছেন। এই পরিস্থিতিতে ফাঁস হল তাঁর আরও একটি বিবাহবহির্ভূত সম্পর্কের কেলেঙ্কারি।
জানা গিয়েছে, চিনা নাগরিক অ্যালিসের আসল নাম নাকি হুয়াং লি। চিনের একটি সূত্র মারফত জানা গিয়েছে, আগে তিনি চিনা সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। পেশায় ছিলেন সাংবাদিক। আরও জানা গিয়েছে, এনভিডিয়া কর্তার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক বেজিংকে ৭০০ কোটি ডলারের চিপ কিনতে সাহায্য করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, অ্যালিস আদতে চিনা চর। এনভিডিয়া এবং আমেরিকার গুপ্ত নথি চিনে পাচার করতেন তিনি। চিনের জাতীয় নিরাপত্তা মন্ত্রকের হয়েই নাকি তিনি চরবৃত্তি করতেন। যদিও বিষয়টি প্রকাশ্যে আসার পরই এ হেন অভিযোগ অস্বীকার করেছে বেজিং। কিন্তু সদ্য মেলা যে খবর চাঞ্চল্য ছড়িয়েছে তা হল, ২০২৩ সাল থেকে চিনা সংস্থাগুলির মাধ্যমে প্রায় ৭৫০ কোটি ডলার মূল্যের এনভিডিয়া চিপ হাতে পেয়েছে বেজিং।
উল্লেখ্য, জেনসেনের কেলঙ্কারিতে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের সংস্থা এনভিডিয়া। এটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন জেনসেন। তাঁর কেলেঙ্কারি ফাঁস হতেই সংস্থার শোয়ার মূল্য প্রায় ৮ শতাংশ হ্রাস পেয়েছে।
শেয়ার
লিংক



