অভিষেকের দুয়ারে বুলডোজার অ্যাকশন! ভাঙা হল বাড়ির সামনের অস্থায়ী শেড, সরানো হল গেট

SOBDIK NEWS: বৃহস্পতিবার সাতসকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনে পৌঁছল বুলডোজার। বিগত কয়েকদিন ধরে বিতর্কের কেন্দ্র থাকা অস্থায়ী শেড এদিন ভেঙে দেওয়া হয়। পাশাপাশি বাড়ির সীমানা পাঁচিলের ফটকের বাইরে থাকা আরও একটি লোহার গেট সরিয়ে দেওয়া হয়েছে। এই অভিযান ঘিরে এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
অভিষেকের বাড়ির সামনে বুলডোজার | (Abhishek Banerjee)
মমতা তৃণমূলের সাংসদের বাড়ির সামনের ফুটপাথ দখল নিয়ে বিগত কয়েকদিন ধরে বিতর্ক চলছিল। বুধবার সন্ধ্যাতেও কালীঘাটের এই বাড়ির সামনে পৌঁছেছিল পুলিশ। শেড খোলার জন্যই তাঁরা গিয়েছিল বলে দাবি মমতা তৃণমূলের। এরপর অভিষেকের অফিসের কর্মীরাই ওই অস্থায়ী কাঠামো খোলার কাজ শুরু করেন।
যদিও আজ সকাল অবধি ওই অস্থায়ী শেড পুরোপুরি খোলা ছিল না। এই অবস্থায় বুলডোজার দিয়ে ওই শেড ভাঙার পর অস্থায়ী কাঠামো সরিয়ে ফুটপাথ পরিষ্কার করে দেন পুরসভার কর্মীরা। পাশাপাশি গ্যাস কাটার দিয়ে কেটে দেওয়া হয় বাড়ির বাইরে ফুটপাথ দখল করে তৈরি হওয়া লোহার গেট।
আরও পড়ুনঃ রবি চাষের মরশুমে কমবে কৃষকদের খরচ! সারের দামে ব্যাপক ভর্তুকি ঘোষণা সরকারের
এদিকে এই অস্থায়ী শেড প্রসঙ্গে গতকাল সন্ধ্যায় মমতা তৃণমূলের মুখপাত্র অর্ক নাগ জানান, ডায়মন্ড হারবারের সাংসদ যখন জেড প্লাস সিকিউরিটি পেতেন, সেই সময় রাজ্যের ডাইরেক্টরেট অফ সিকিউরিটির তরফে এই অস্থায়ী শেড তৈরি করা হয়েছিল। পুলিশি প্রহরার দায়িত্বপ্রাপ্তদের বসার জন্য এই বন্দোবস্ত করা হয়।
রাজ্যে পালাবদলের পর সাংসদ হিসেবে প্রাপ্য নিরাপত্তা বাদে অভিষেকের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়। এই পরিস্থিতিতে পুলিশের তরফেই তৈরি ওই অস্থায়ী শেডের আর প্রয়োজনীয়তা নেই। সেই কারণে সাংসদের তরফ থেকে শেডটি খুলে ফেলার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান অর্ক।
তবে বৃহস্পতিবার সকাল অবধি অভিষেকের বাড়ির সামনের ওই অস্থায়ী শেড পুরোপুরি খোলা না থাকায় বুলডোজার দিয়ে তা ভেঙে দেওয়া হয়। এরপর অস্থায়ী কাঠামোর সরঞ্জামগুলি সরিয়ে ফুটপাথ পরিষ্কার করে দেন পুরসভার কর্মীরা। এখনও অবধি এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



