নেতৃত্ব ছাড়তে চান অক্ষর! আইপিএলে নতুন অধিনায়ক পাচ্ছে সৌরভের দিল্লি?

আইপিএলের নিলামের আগে দল গোছানোর কাজে ব্যস্ত সব ফ্র্যাঞ্চাইজি। এরই মধ্যে বড় সমস্যায় দিল্লি ক্যাপিটালস। দলের অধিনায়কত্ব করতে নাকি আর রাজি নন অক্ষর প্যাটেল। তাঁর এই অনীহায় বেশ অস্বস্তিতে পড়েছে দিল্লির ম্যানেজমেন্ট। বেশ কিছুদিন আগে জানা গিয়েছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের অধিনায়ক হতে পারেন কেএল রাহুল। দৌড়ে ছিলেন ঋষভ পন্থও। আর এবার জানা যাচ্ছে, নেতৃত্ব নিয়ে অনীহা রয়েছে অক্ষরের।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এখনই অক্ষরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে না দিল্লি। বরং তাঁকে নেতৃত্ব চালিয়ে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করছেন কর্তারা। তবে সেই কাজে বেশ বেগ পেতে হতে পারে তাঁদের। অক্ষরের নেতৃত্বে দিল্লির পারফরম্যান্স আহামরি নয়। শেষ দু’টি মরশুমে প্লেঅফে উঠতে পারেনি দল। নেতৃত্বের চাপ তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। ২০২৬ সালের আইপিএলে ১৪ ম্যাচে মাত্র ১৭৩ রান করেছেন অক্ষর। বল হাতে পেয়েছেন ১১টি উইকেট।
অক্ষরকে নিয়ে অন্য দলগুলির আগ্রহও কম নয়। প্রতিবেদন অনুযায়ী, একাধিক ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেওয়ার জন্য দিল্লির সঙ্গে যোগাযোগ করেছিল। বেশ কয়েকটি লোভনীয় প্রস্তাবও এসেছিল। কিন্তু কোনও প্রস্তাবেই রাজি হয়নি দিল্লি। অক্ষরকে ছাড়তে নারাজ তারা। দিল্লি ক্যাপিটালসের এক সূত্রমতে, “অক্ষর অধিনায়কত্ব নিয়ে খুব একটা আগ্রহী নয়। ওকে রাজি করানোর চেষ্টা করছে ম্যানেজমেন্ট। অক্ষর এই ফ্র্যাঞ্চাইজির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার ওকে নেওয়ার জন্য একাধিক আকর্ষণীয় প্রস্তাব এসেছিল। কিন্তু সব ক’টিই ফিরিয়ে দেওয়া হয়েছে। নিলাম শেষ না হওয়া পর্যন্ত অধিনায়ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না ম্যানেজমেন্ট।”
আগামী মরশুমের আগে দিল্লি ক্যাপিটালসে বড়সড় রদবদল হয়েছে। ডিসেম্বরের নিলামের আগে দলের কোচিং বিভাগেও এসেছে একাধিক নতুন মুখ। হেডকোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে সাপোর্ট স্টাফ হিসাবে দেখা যাবে যুবরাজ সিং, চামিন্ডা ভাস এবং অমিত মিশ্রকে। এদিকে, দীর্ঘদিন দিল্লির মুখ হয়ে থাকা ঋষভ পন্থও ফিরে এসেছেন। লখনউ সুপার জায়ান্টসের জার্সি গায়ে দু’টি হতাশাজনক মরশুম কাটিয়ে ‘ঘরওয়াপসি’ হয়েছে তাঁর। ফলে আগামী মরশুমের আগে দিল্লির অন্দরমহলে আরও কিছু বড় পরিবর্তনেরও সম্ভাবনা। এখন দেখার, অক্ষরকে অধিনায়কত্ব চালিয়ে যেতে শেষ পর্যন্ত রাজি করাতে পারেন কি না সৌরভেরা। নাকি নিলামের পর দিল্লির নেতৃত্বে দেখা যাবে নতুন কোনও মুখকে?
শেয়ার
লিংক



