মিড ডে মিলে এলাহি আয়োজন! মোমো-পকোড়া-চিলি চিকেনে জমিয়ে ভূরিভোজ পড়ুয়াদের

SOBDIK NEWS: মিড ডে মিলের (Mid Day Meal) একঘেয়ে চেনা খাবার ছেড়ে এলাহি আয়োজন। পুজোর ছুটির পর স্কুল খুলতেই পড়ুয়াদের পাতে পড়ল চিকেন পকোড়া, মোমো, পোলাও, চিলি চিকেনের মতো নানা সুস্বাদু পদ। শেষ পাতে আবার মিষ্টিমুখের ব্যবস্থাও ছিল। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বিসি রোডের বর্ধমান সিএমএস হাইস্কুলে (Burdwan CMS High School) এই আয়োজন করা হয়েছিল।
মিড ডে মিলে মোমো, চিলি চিকেন | (Mid Day Meal)
জানা গিয়েছে, বর্ধমান সিএমএস হাইস্কুলের পড়ুয়ারা মোমো খাওয়ার আবদার করেছিল। সেই আবদার পূরণ করতে বিজয়ার প্রীতিভোজের পরিকল্পনা করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক গদাধর হাজরা। সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্কুলের অন্যান্য শিক্ষকরা।
এই অভিনব বিজয়ার প্রীতিভোজে এলাহি আয়োজন করা হয়েছিল। মেনুতে রাখা হয়, চিকেন পকোড়া, মোমো, পোলাও, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, রসগোল্লা। শেষ পাতে আইসক্রিমের বন্দোবস্তও করা হয়েছিল।
আরও পড়ুনঃ ছটপুজোয় কলকাতা পুরসভার নতুন চমক! কিউআর কোড স্ক্যান করলেই মিলবে সব তথ্য
পড়ুয়াদের আবদারে বরাবরই গুরুত্ব দেন গদাধর। এবারও অন্যথা হয়নি। তবে এই এলাহি ভূরিভোজের পাল্টা পড়ুয়াদের কাছেও একটি ‘আবদার’ করা হয়েছিল। বলা হয়, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক জানান, পড়ুয়ারা বলেছে এরপর ভালো রেজাল্ট দেখে নেবেন স্যার! আবার পড়ুয়াদের তরফে জানানো হয়, স্যার বলেছেন, ভালো রেজাল্ট করলে তাঁদের আবদার মতো মিড ডে মিলের মেনুতে এমন ভালো ভালো পদ রাখা হবে। সেই কারণে তাঁরাও ভালো রেজাল্ট করে দেখিয়ে দেবে।
বর্ধমান সিএমএস হাইস্কুলের মিড ডে মিলে এমন অভিনব আয়োজন দেখতে উপস্থিত হয়েছিলেন অবর বিদ্যালয়ের পরিদর্শক। ছাত্রছাত্রীদের জন্য নেওয়া এমন অভিনব উদ্যোগের প্রশংসা করেন তিনি।
মিড ডে মিলে সাধারণত ভাল, ডাল, তরকারি, ডিমের মতো খাবার দেওয়া হয়। তবে এবার পড়ুয়াদের আবদারে বর্ধমান সিএমএস হাইস্কুলে এলাহি আয়োজন করা হল। এই অভিনব উদ্যোগ ঘিরে বিদ্যালয়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।



