0%

কানাডায় পোড়া গাড়িতে ভারতীয় বংশোদ্ভূত যুবকের দেহ! পরিকল্পিত খুন, সন্দেহ পুলিশের

গত মাসে কানাডার (Canada) ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ল্যাংলিতে একটি গাড়ি দাউদাউ আগুনে ভস্মীভূত হয়। পরে গাড়ির ভিতর থেকে ২৫ বছর বয়সি এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের দগ্ধ দেহ উদ্ধার হয়। তদন্তকারী পুলিশ আধিকারিকদের সন্দেহ, এই ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড।

মৃত তুষার শর্মা ব্রিটিশ কলম্বিয়ার সুররে অঞ্চলের বাসিন্দা। মামলার তদন্তকারী সংস্থা ‘ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম’ (আইএইচআইটি) মঙ্গলবার এই তথ্য দিয়েছে। ২৯ অক্টোবর ল্যাংলির রলিনসন ক্রিসেন্ট এলাকায় একটি গাড়িতে আগুন লাগার খবর পেয়ে জরুরি পরিষেবা কর্মীরা তড়িঘড়ি সেখানে পৌঁছান। আগুন নেভানোর কাজ করার সময় দমকলকর্মীরাই গাড়ির ভিতর থেকে প্রায় সম্পূর্ণ দগ্ধ তুষারের দেহ উদ্ধার করেন। তদন্তকারী সংস্থার অনুমান, হত্যার পর প্রমাণ লোপাটেই গাড়িতে আগুন লাগানো হয়েছিল। যদিও এখনও পর্যন্ত হত্যাকারীর হদিশ মেলেনি। খুনের কারণও স্পষ্ট নয়।

আইএইচআইটি কানাডা ও ভারতে তুষার শর্মার পরিবারের সদস্য এবং পরিচিতদের সঙ্গেও কথা বলছে। যাতে হত্যাকাণ্ডের আগে মৃতের ব্যক্তিগত জীবন ও কর্মকাণ্ড সম্পর্কে জানা যায়। এদিকে, ভ্যাঙ্কুভারে ভারতের দূতাবাস ভারতীয় যুবকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে। জানানো হয়েছে, মৃতের পরিবার ও কানাডা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।

এক্স হ্যান্ডেলের বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ব্রিটিশ কলাম্বিয়ার ল্যাংলিতে ২৫ বছর বয়সি ভারতীয় নাগরিক তুষার শর্মার মর্মান্তিক মৃত্যুতে ভ্যাঙ্কুভারে অবস্থিত ভারতের রাষ্ট্রদূত গভীরভাবে শোকাহত। কনস্যুলেট মৃতের নিকটাত্মীয় ও স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker