যাত্রীদের সুবিধায় নাইট বাস সার্ভিস! কোচবিহার থেকে কোন রুটের শেষ বাস কখন ছাড়বে জানুন

SOBDIK NEWS: রাসমেলার সময় যাত্রীদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য বড় পদক্ষেপ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম তথা এনবিএসটিসি (NBSTC)। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার নানা রুটে নাইট বাস সার্ভিস (Night Bus Service) দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত তালিকা বিভিন্ন জায়গায় লাগানোর কাজ শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ।
কোন রুটের শেষ বাস কখন পাওয়া যাবে? | (Night Bus Service)
কোচবিহারের রাসমেলায় দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন রুটে গভীর রাত পর্যন্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি। জানা গিয়েছে, কোচবিহার বাসস্ট্যান্ড থেকে অধিকাংশ রুটে রাত ১১টা অবধি বাস চালানো হবে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে খবর, কোচবিহার শহর থেকে আলিপুরদুয়ারের জন্য রাত ১১টা অবধি বাস চলবে। রাত ১০টায় জোড়াইয়ের জন্য শেষ বাস ছাড়বে। কোচবিহার জেলার মহকুমাগুলির জন্যেও গভীর রাত অবধি বাস পাওয়া যাবে।
আরও পড়ুনঃ অ্যাপেই মিলবে শহরের সব বাড়ি ও ফ্ল্যাটের তথ্য! রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে বড় পরিকল্পনা পুরসভার
মাথাভাঙার জন্য রাত ১১টা অবধি, মেখলিগঞ্জের জন্য রাত সাড়ে ৯টা, বক্সিরহাটের জন্য রাত ১০টা ও সিতাইয়ের জন্য রাত সাড়ে ৯টায় কোচবিহার থেকে বাস ছাড়বে। তুফানগঞ্জ, দিনহাটা ও ফালাকাটার জন্য রাত ১১টায় শেষ বাস পাবেন যাত্রীরা।
এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনীকুমার রায় জানান, কোচবিহার ও আলিপুরদুয়ারের যাত্রীরা ঐতিহ্যবাহী রাসমেলায় যাতে সহজেই যাতায়াত করতে পারেন সেই জন্যই নাইট বাস সার্ভিসের পরিকল্পনা করা হয়েছে।
অন্যদিকে বর্তমানে কোচবিহারে জোরকদমে রাসমেলার তোড়জোড় চলছে। প্রশাসন সূত্রে খবর, প্রথমবার সাগরদিঘিতে আরতির বন্দোবস্ত থাকছে। পাশাপাশি অত্যাধুনিক লাইট অ্যান্ড সাউন্ডের প্রদর্শনী হবে। এই আবহে মেলায় ঘুরতে আসা মানুষের সুবিধার কথা মাথায় রেখে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন রুটে নাইট বাস সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিল এনবিএসটিসি কর্তৃপক্ষ।



