জনশতাব্দী থেকে ১.৪০ কোটি টাকা উদ্ধার, খড়গপুরে গ্রেফতার যুবক

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: খড়গপুর (Kharagpur) রেল স্টেশনে জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হল ১ কোটি ৪০ লক্ষ টাকা নগদ। এই ঘটনায় রাহুল সোনি…
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: খড়গপুর (Kharagpur) রেল স্টেশনে জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হল ১ কোটি ৪০ লক্ষ টাকা নগদ। এই ঘটনায় রাহুল সোনি নামে হাওড়ার এক যুবককে গ্রেফতার করেছে খড়গপুর জিআরপি। এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, টাটা থেকে হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেস খড়গপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। সেই সময় ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামেন ওই যুবক। গোপন সূত্রে আগে থেকেই খবর পেয়ে সতর্ক ছিল খড়গপুর জিআরপি। ট্রেন থেকে নামার পরই তাঁকে আটক করেন রেল পুলিশের আধিকারিকরা।
৭ নম্বর প্ল্যাটফর্মে টাকা গোনার কাজ
এরপর ওই যুবকের কাছে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি ৪০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। খড়গপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মেই উদ্ধার হওয়া টাকা গোনার কাজ চলছে।
টাকার উৎস ও গন্তব্য খতিয়ে দেখছে পুলিশ
এত বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে ওই যুবক কেন ট্রেনে যাতায়াত করছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। টাকার উৎস কী এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃত রাহুল সোনিকে জিজ্ঞাসাবাদ করছে খড়গপুর জিআরপি। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.



