আধুনিক যুদ্ধে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ও আকস্মিক আক্রমণের কৌশলই সাফল্যের চাবিকাঠি: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১২ নভেম্বর : আধুনিক যুদ্ধের পরিবর্তিত পরিস্থিতিতে শত্রুপক্ষকে অপ্রস্তুত করে দেওয়ার পাশাপাশি নিজেদেরও আকস্মিক আক্রমণের মোকাবিলায় প্রস্তুত রাখার উপর জোর দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার দিল্লিতে বায়ুসেনার কমান্ডারদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রচলিত ও নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক—উভয় ক্ষেত্রেই ‘আকস্মিকতার কৌশল’ আরও শক্তিশালী করতে হবে।
এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি ব্যবস্থার উন্নতি, বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সম্ভাব্য বিপদের আগাম শনাক্তকরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
রাজনাথ সিং বলেন, প্রতিরক্ষা বাহিনীকে এমন সক্ষমতা ও কৌশল গড়ে তুলতে হবে, যাতে শত্রুপক্ষ প্রতিক্রিয়া জানানোর বা ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগ না পায়। একই সঙ্গে শত্রুর অপ্রত্যাশিত পদক্ষেপের সামনে ভারতীয় বাহিনীও যাতে কখনও অপ্রস্তুত না থাকে, তা নিশ্চিত করতে হবে। তাঁর মতে, প্রচলিত যুদ্ধের পাশাপাশি ইলেকট্রনিক ক্ষেত্রেও আকস্মিক আক্রমণ ঘটতে পারে।
তিনি আরও বলেন, গোয়েন্দা ও নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি বাহিনীর প্রস্তুতি বাড়াতে হবে, যাতে প্রতিটি সদস্য সতর্ক, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এবং যেকোনও নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকেন।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, আধুনিক সংঘাত এখন আর শুধুমাত্র প্রচলিত যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অত্যাধুনিক অস্ত্রব্যবস্থার মাধ্যমে যুদ্ধের নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইজরায়েল-হামাস সংঘাতের উল্লেখ করে তিনি বলেন, আধুনিক যুদ্ধে ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কামিকাজে ড্রোন, নজরদারি এবং শত্রুপক্ষের ড্রোন প্রতিহত করার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বায়ুসেনার কমান্ডারদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
পাশাপাশি ইলেকট্রনিক, সাইবার এবং মহাকাশভিত্তিক যুদ্ধের মতো উদীয়মান ক্ষেত্রগুলির জন্য ভারতীয় বায়ুসেনাকে পৃথক কৌশল ও পরিকাঠামো গড়ে তোলার পরামর্শ দেন প্রতিরক্ষামন্ত্রী।
রাজনাথ সিং বলেন, ভবিষ্যতের সংঘাতে জয়লাভের জন্য শুধুমাত্র যুদ্ধবিমানের সংখ্যা যথেষ্ট হবে না। প্রযুক্তিগত উৎকর্ষ, দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা এবং নিখুঁত প্রস্তুতিই নির্ণায়ক ভূমিকা পালন করবে।
তিনি কমান্ডারদের এই নতুন চ্যালেঞ্জগুলিকে বাহিনীর পরিকল্পনা, প্রশিক্ষণ এবং সামরিক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।



