0%

প্রকাশ্যে কামিন্সের সঙ্গে বচসা স্ত্রীর! ভিডিও ঘিরে তুমুল চর্চা, ক্রিকেটকে ‘কলঙ্কিত’ করাতেই অশান্তি?

আট বছর আগে ঘটে যাওয়া ‘স্যান্ডপেপারগেট’ ক্রিকেটের কলঙ্কিত অধ্যায়গুলির অন্যতম। তবে আবারও সেই কেপ টাউন টেস্টের বল বিকৃতি কাণ্ড নিয়ে উত্তাল ক্রিকেটমহল। সদ্যপ্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ একের পর এক ‘বোমা’ ফাটিয়েছেন উসমান খোয়াজা। প্রাক্তন অজি ওপেনারের কথায় নড়েচড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে প্রথমবার ধরা দিলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। জানা গিয়েছে, ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে খোয়াজার অভিযোগের জবাবও দেবেন। তবে তার আগে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন কামিন্স।

অস্ট্রেলিয়ার এক প্রথম সারির সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, সিডনির রাস্তায় বচসায় জড়িয়ে পড়েছেন ৩৩ বছর বয়সি ক্রিকেটার। শুক্রবার, ১২ নভেম্বর থেকে শুরু ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যদিও সেই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কামিন্সকে। এই মুহূর্তে সিডনিতেই পরিবারের সঙ্গে রয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচে টেস্ট সিরিজে যাতে তরতাজা হয়ে নামতে পারেন, সেই জন্যই অজি বোর্ডের এই সিদ্ধান্ত। তবে মাঠের কঠিন লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে পারিবারিক ‘চ্যালেঞ্জে’র মুখোমুখি কামিন্স।

প্রকাশিত ওই ভিডিওয় দেখা যাচ্ছে, স্ত্রী বেকির সঙ্গে এক আবাসনে ঢুকছেন কামিন্স। তারকা দম্পতি কথা বলছিলেন। এই সময়টায় বেশ আগ্রাসী ভাবে কথা বলতে দেখা যায় কামিন্স-জায়াকে। তবে শান্ত ছিলেন অজি অধিনায়ক। এমন দৃশ্য দেখে অনেকেই বলছেন, তাহলে কি আট বছর আগে বল বিকৃতি কাণ্ড নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হল? যদিও এ হেন ভিডিও ভাইরাল হওয়ার ঘণ্টাখানেক পর বেকি ইনস্টাগ্রামে পারিবারিক ছবিও পোস্ট করেন। যার ক্যাপশন ছিল ‘আমার ভালোবাসা’। সেই ছবিতে তারকা দম্পতি ছাড়াও ছিল তাঁদের কন্যাসন্তান এডিথ। যার বয়স দেড় বছর। ২০২৫ সালের ফ্রেব্রুয়ারিতে জন্ম এডিথের। বেকি-কামিন্সের পুত্রসন্তানও রয়েছে। ২০২১ সালের অক্টোবরে জন্ম হয়েছিল অ্যালবির।

এদিকে, স্যান্ডপেপারগেট নিয়ে শুক্রবার অস্ট্রেলিয়ার সময় সকালে মুখ খুলতে চলেছেন কামিন্স। উসমান খোয়াজার অভিযোগের জবাব দেবেন তিনি। সিডনিতে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের দপ্তরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন অজি অধিনায়ক। উল্লেখ্য, আট বছর আগের কেপ টাউন টেস্টের বল বিকৃতি কাণ্ড নিয়ে নতুন করে উত্তাল ক্রিকেটমহল। প্রতিদিনই সামনে আসছে নিত্য নতুন তথ্য। কিছুদিন আগেই উসমান খোয়াজা দাবি করেছিলেন, বল বিকৃতির ঘটনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের প্রায় সকলেই জানতেন। অথচ ঘটনার দায় চাপানো হয়েছিল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফটের উপরেই। এবার সেই অভিযোগের জবাবে কামিন্স কী বলেন, সেটাই দেখার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker