১৮ বছরের অপেক্ষা কেন? ১৬ বছরেই সাবালকত্ব, আইন বদলের কথা বলল হাই কোর্ট

তিরুবনন্তপুরম: এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা অনেক কম বয়সেই মানসিকভাবে পরিণত হয়ে উঠছে। ১৮ বছর নয়, ১৬ বছর বয়সেই অনেকের মধ্যে সাবালক হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এই…
তিরুবনন্তপুরম: এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা অনেক কম বয়সেই মানসিকভাবে পরিণত হয়ে উঠছে। ১৮ বছর নয়, ১৬ বছর বয়সেই অনেকের মধ্যে সাবালক হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে নাবালক বিচার আইনেও পরিবর্তন আনার কথা ভাবা উচিত আইনপ্রণেতাদের। এমনই পর্যবেক্ষণ কেরল হাই কোর্টের বিচারপতি এ বদরুদ্দিনের। তাঁর মতে, বর্তমান সময়ের সামাজিক প্রবণতা মাথায় রেখে আইন সংশোধনের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।
কেরল আবগারি আইনের কয়েকটি ধারা কার্যকর করার দাবিতে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে এই মন্তব্য করেন বিচারপতি। আবগারি আইনের ১৫এ এবং ১৫বি ধারা অনুযায়ী, ২৩ বছরের কম বয়সিদের কাছে মদ বিক্রি করা বা তাঁদের মদ পরিবেশন করা নিষিদ্ধ। এই বিধিনিষেধ যাতে কঠোরভাবে কার্যকর করা হয়, সেই দাবিতে হাই কোর্টে রিট পিটিশন দায়ের হয়েছিল। লাইসেন্সপ্রাপ্ত বার এবং আবগারি আধিকারিকদেরও এ বিষয়ে দায়বদ্ধ করার আবেদন জানানো হয়।
সেই মামলার শুনানিতেই নাবালকদের মানসিক পরিপক্কতা এবং বয়স সংক্রান্ত আইনি বিধানের প্রসঙ্গ ওঠে। বিচারপতি বদরুদ্দিনের পর্যবেক্ষণ, বর্তমান সময়ে ১৬ বছর বয়সেই অনেক ছেলেমেয়ে মানসিকভাবে যথেষ্ট পরিণত হয়ে উঠছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে নাবালক বিচার আইনের বয়স সংক্রান্ত বিধান নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন কি না, তা আইনপ্রণেতাদের ভেবে দেখা উচিত।
শুনানির সময় নেদুম্বাসারিতে একটি গাড়ি দুর্ঘটনার কথাও উল্লেখ করেন বিচারপতি। অভিযোগ, ১৯ বছর বয়সি এক যুবক মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনাটি ঘটে। বিচারপতির বক্তব্য, এর আগেও ১৮ বছরের কম বয়সিদের বিরুদ্ধে এ ধরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাই বিষয়টিকে হালকাভাবে দেখার সুযোগ নেই।
পাশাপাশি আবগারি আইন যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত। বিধিনিষেধ লঙ্ঘন হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আবগারি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত পদক্ষেপের বিস্তারিত জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে কেরল হাই কোর্ট।
তবে ১৬ বছর বয়সেই আইনি অর্থে সাবালকত্ব স্বীকৃতি দেওয়ার কোনও সিদ্ধান্ত আদালত নেয়নি। নাবালক বিচার আইন সংশোধনের বিষয়টি বিবেচনা করার জন্য আইনপ্রণেতাদের প্রতি পর্যবেক্ষণ জানিয়েছে আদালত।
কুলগামে CRPF ক্যাম্প হামলায় লস্কর যোগ! আটক ২০
জাল পরিচয় পত্রে কলকাতার বাসিন্দা বলে পরিচয় দিয়ে জালে ইন্দোনেশিয়ান মহিলা



