0%

স্মৃতিদের খেলা আরও ছড়িয়ে যাক, মহিলাদের প্রিমিয়ার লিগে নিয়ে বিরাট সিদ্ধান্ত বোর্ডের

মহিলাদের প্রিমিয়ার লিগকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে বিসিসিআই। স্মৃতি মন্ধানাদের নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড। এতদিন পর্যন্ত ডব্লিউপিএলের ম্যাচগুলি খেলা হত অপেক্ষাকৃত ‘অপরিচিত’ মাঠে। মুম্বইয়ে খেলা হলেও হরমনপ্রীত কউররা কখনও ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেননি। মহিলাদের প্রিমিয়ার লিগকে এবার আরও বেশি জনপ্রিয় করে তুলতে এবার ওয়াংখেড়ে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড।

চলতি মাসের শুরুতেই ডব্লিউপিএলের পঞ্চম সংস্করণের সূচি ঘোষণা করেছিল বিসিসিআই। ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারও খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে। ১৪ জানুয়ারি বরোদায় উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ প্রাক্তন চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। দুই ভেন্যুতেই হবে ১১টি করে ম্যাচ। প্রথম পর্বের খেলাগুলি হবে বরোদায়। ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই পর্ব। তার পর প্রতিযোগিতা চলে যাবে মুম্বইয়ে। ২৬ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের খেলা। এলিমিনেটর এবং ফাইনালও খেলা হবে মুম্বইতেই।

প্রত্যেকবারের মতোই এবারও মুম্বই পর্বের খেলা হওয়ার কথা ছিল ব্রেবোর্ন স্টেডিয়ামে। কিন্তু রবিবার বোর্ডসূত্রে জানা যায়, এবার আর ব্রেবোর্ন নয়, মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচগুলি খেলা হবে মহেন্দ্র সিং ধোনিদের বিশ্বজয়ের মাঠে। কিন্তু কেন? মহিলাদের লিগের প্রসারটাই কি কারণ? তেমনটা কিন্তু নয়। আসলে আগামী বছরের শুরুতে ভারতে বসছে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এই প্রথমবার খেলা হবে এই টুর্নামেন্ট।

ওই টুর্নামেন্ট আয়োজিত হবে মুম্বই এবং ভদোদরাতে। ডব্লিউপিএলের কয়েকদিন পরেই শুরু হবে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি। সেজন্য ব্রেবোর্ন স্টেডিয়াম প্রস্তুত করতে হবে। তাই আইসিসির অনুরোধে মহিলাদের প্রিমিয়ার লিগ ম্যাচের ভেন্যু বদল করল বিসিসিআই। সবমিলিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১১টি ম্যাচ খেলা হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। প্লে-অফের ম্যাচগুলিও হবে একই সময়ে। উল্লেখ্য, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছিলেন, “আগামী বছর থেকে দলসংখ্যা বাড়ানো এবং প্রতিযোগিতার অন্য যেসব ক্ষেত্রে উন্নতি করা সম্ভব, তা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করতে হবে।” সেকারণেই কি ওয়াংখেড়েতে ম্যাচ আয়োজন?

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker