পিছিয়ে গেল ২০২৭-এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, প্রকাশিত সম্ভাব্য সূচি

কলকাতা: জনগণনার কারণে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি বদলাতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ২ মার্চ থেকে মাধ্যমিক শুরু হতে পারে। পরীক্ষা চলার সম্ভাবনা…
কলকাতা: জনগণনার কারণে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি বদলাতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ২ মার্চ থেকে মাধ্যমিক শুরু হতে পারে। পরীক্ষা চলার সম্ভাবনা ১৬ মার্চ পর্যন্ত। এর দু’দিন পর, ১৯ মার্চ থেকে উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কথা। পরীক্ষা চলতে পারে ১২ এপ্রিল পর্যন্ত।
শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সম্ভাব্য সূচি অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হচ্ছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজ্য সরকারের অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে পরীক্ষার দিন ঘোষণা করা হবে।
আগামী ২৫ জানুয়ারি থেকে জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এর পাশাপাশি সংশোধনের কাজও চলবে। সব মিলিয়ে ৫ মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া চলার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই পরীক্ষার সময়সূচি নতুন করে তৈরি করছে পর্ষদ।
গত জুলাইয়ে পর্ষদ জানিয়েছিল, ২০২৭ সালের মাধ্যমিক শুরু হতে পারে ১৫ ফেব্রুয়ারি। নতুন প্রস্তাব কার্যকর হলে পরীক্ষা প্রায় ১৫ দিন পিছিয়ে যাবে। শুধু তারিখ নয়, পরীক্ষার সময়েও বদলের প্রস্তাব রয়েছে। নতুন সূচি অনুযায়ী, সকালবেলার বদলে বেলা ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা নেওয়া হতে পারে।
পর্ষদের তৈরি সূচি এখন নবান্নের অনুমোদনের অপেক্ষায়। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
কালীগঞ্জে মহুয়ার গাড়ি লক্ষ্য করে ডিম! ফেসবুক লাইভে এসে ক্ষোভ
প্রয়াত ‘লেবুবাবু’, গনি খান চৌধুরীর ভাইয়ের মৃত্যুতে শোক রাজনৈতিক মহলে



