0%

ভরসা রেখে রিটেন করেছে কেকেআর, জোড়া ভূমিকায় প্রতিদান দিতে চান অঙ্গকৃষ

বছর তিনেক আগের কথা। নিলাম থেকে বছর কুড়ির এক যুবককে দলে নিয়েছিল কেকেআর। মাত্র ২০ লক্ষ টাকায়। এক বছর পরই মেগা নিলামে তাঁর দর পৌঁছায় তিন কোটিতে। তবে শেষ পর্যন্ত তাঁকে ধরে রাখে তিনবারের চ্যাম্পিয়নরা। এবারও আইপিএলের রিটেনশন লিস্টে উপরের দিকেই রয়েছে তাঁর নাম। আসলে তিন বছরে ঘরের ছেলে হয়ে ওঠা সেই যুবক যে নাইটদের পরিকল্পনার অবিচ্ছেদ্য অঙ্গ, তা এখন আর অজানা নয় কারও।

ওই যুবক, অর্থাৎ অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। গত আইপিএলে মিডল অর্ডারে দলকে নির্ভরতা দেওয়ার পাশাপাশি উইকেটকিপারের দায়িত্বও সামলেছেন তিনি। এবার হয়তো দুই ভূমিকায় পুরোদমেই দেখা যাবে তাঁকে। অঙ্গকৃষ অবশ্য দলের প্রয়োজনে যে কোনও ভূমিকা নিতে প্রস্তুত। মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে কলকাতায় এসেছেন তিনি। সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসের মাঠে ম্যাচ খেলার ফাঁকে ‘সংবাদ প্রতিদিন’-কে অঙ্গকৃষ শোনালেন সে কথা।

Angkrish Raghuvanshi in KKR Jersey: Ready for IPL
নাইট জার্সিতে রঘুবংশী। ফাইল ছবি।

“কেকেআর রিটেন করায় আমি খুব খুশি। আমার পুরো পরিবারই আনন্দিত। আসলে গত কয়েক বছরে আমি এই দলার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছি। দলের প্লেয়ার, কোচ-সবকিছুই আমার পরিচিত। ফলে চেনা ঠিকানায় থাকতে পারে ভালো লাগছে। কেকেআর আমার উপর ভরসা রেখেছে। এবার সেই ভরসার দাম দেওয়াই লক্ষ্য থাকবে আমরা”, বলছিলেন তিনি।

পাশাপাশি এই শহরের প্রতি তাঁর অনুরাগের কথাও জানালেন অকপটে। অঙ্গকৃষের কথায়, “কলকাতা তো আমার দ্বিতীয় ঘর। এখানে আরও একটা বছর থাকতে পারব ভেবে ভালো লাগছে।” ক্যামেরন গ্রিন, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, রিঙ্কু সিংয়ের মতো তারকাদেরও ঘরে রেখেছে কেকেআর। তাতে দলের পারফরম্যান্স এবার ভালো হবে বলেই আশাবাদী অঙ্গকৃষ। তাঁর বার্তা, “গতবছর শেষ কয়েকটা ম্যাচে দল কতটা একাত্ম হয়ে খেলেছে, তা কারও অজানা নয়। এবার ওই দলের অধিকাংশ সদস্যই ফের একসঙ্গে খেলবে। সেটা নিশ্চিতভাবেই আমাদের ভালো পারফর্ম করতে সাহায্য করবে।” কেকেআরের জার্সিতে নিজের পারফরম্যান্স উন্নত করার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অঙ্গকৃষ। আইপিএলের কথা মাথায় রেখে নতুন নতুন শট শিখছেন। যে কাজে তাঁর পথ প্রদর্শক স্বয়ং নাইট হেডস্যর অভিষেক নায়ার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker