0%

‘ক্ষেপণাস্ত্র প্রস্তুত, আর ভৌগলিক সীমানা মানব না’, ইউরোপে হামলার হুমকি ইরানের!

ক্ষেপণাস্ত্র প্রস্তুত। হামলার ক্ষেত্রে এবার আর কোনও ভৌগলিক সীমানা মানা হবে না। নির্দেশ পেলেই এবার হামলা হবে নয়া ঠিকানায়। যুদ্ধ পরিস্থিতির মাঝেই এবার আমেরিকাকে রক্তচক্ষু দেখিয়ে এমনই হুঁশিয়ারি দিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের এই নয়া হুঁশিয়ারিতে আশঙ্কা করা হচ্ছে, মধ্যপ্রাচ্য ছাড়িয়ে এবার ইউরোপে মার্কিন ঘাঁটিগুলিতে হামলার পরিকল্পনা করছে তেহরান।

আইআরজিসি-র এরোস্পেস ফোর্সের কমান্ডারের প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বেলালি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ‘আঙুল ট্রিগারে’ রয়েছে। শত্রুপক্ষের যে কোনও আগ্রাসনের জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। শত্রু যেখানেই থাকুক না কেন। আমাদের হাত থেকে রেহাই পাবে না। তিনি আরও বলেন, নতুন ভৌগোলিক এলাকায় অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও সক্ষমতা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের সংখ্যা, উৎক্ষেপণ স্থান বা পরিকাঠামোর কোনও সীমাবদ্ধতা ইরানের নেই বলেও দাবি করেন তিনি। শুধু বেলালি নন, একই হুঁশিয়ারি শোনা গিয়েছে, আইআরজিসি-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বির গলাতেও।

‘শত্রুপক্ষের যে কোনও আগ্রাসনের জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। শত্রু যেখানেই থাকুক না কেন। আমাদের হাত থেকে রেহাই পাবে না।’

তিনি বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশ পেলেই আমরা অভিযান চালাব। সেক্ষেত্রে হামলায় কোনও ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না। সম্প্রতি ৪৫০০ কিমি পাল্লার মিসাইল পরীক্ষার কথা মনে করিয়ে তিনি বলেন, “সর্বোচ্চ নেতা নির্দেশ পেলে ইউরোপে মার্কিন ঘাঁটিতেও হামলা চালানোর সক্ষমতা আমাদের আছে।” তিনি জানান, ”এতদিন ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,০০০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই। বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা হোসেইনি খামেনেই নির্দেশ দিলে সেই সীমা আর থাকবে না। যে দেশ থেকে হামলা হবে, সেই দেশে পালটা হামলা হবে।” অর্থাৎ স্পষ্টভাবে ইরানের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে, যদি আমেরিকা ইউরোপের কোনও দেশ থেকে ইরানের উপর হামলা চালায়, সেক্ষেত্রে ইউরোপে হামলা চালাতেও দ্বিধা করবে না ইরান।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker