‘আকভান’-এর দাপট, জমিতে ভাসছে ফুলকপি, এক ধাক্কায় দাম কমে অর্ধেক

SOBDIK NEWS: ঘূর্ণিঝড় আকভান (Akvan Cyclone) এর দাপটে মাথায় হাত চাষিদের। এক ধাক্কায় অনেকটাই কমে গেল ফুলকপির দাম। প্রায় সারা রাজ্য জুড়েই চলছে টানা বৃষ্টিপাত। প্রচণ্ড বৃষ্টিতে পূর্বস্থলীতে জমিতেই জলে ভাসছে ফুলকপি। আকভান এর প্রভাবে একদিকে প্রচণ্ড বৃষ্টিপাত, অন্যদিকে উড়িষ্যার পাইকাররাও উধাও। সব মিলিয়ে ফুলকপির দামে পতন হওয়ায় দুশ্চিন্তায় ফুলকপি চাষিরা।
ঘূর্ণিঝড়ের (Akvan Cyclone) জন্য ফুলকপির দাম কমে অর্ধেক
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিশ্বরম্ভা ও কালেখাতলা এলাকার ফুলকপি চাষিদের দাবি, গত পরশুও প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছিল ১৩-১৪ টাকায়। সেখানে গতকাল ফুলকপির দাম এসে দাঁড়িয়েছে মাত্র ৭-৮ টাকায়। অর্থাৎ প্রায় অর্ধেক হয়ে গিয়েছে দাম।
কেন কমল দাম: উড়িষ্যার পাইকারি ব্যবসায়ীদের উপরে অনেকটাই নির্ভরশীল এই এলাকার ফুলকপির বাজার। কিন্তু ঘূর্ণিঝড়ের সতর্কতার জেরে আসতে পারেননি পাইকাররা। আড়তেই পড়ে রয়েছে প্রচুর পরিমাণে ফুলকপি।
আরও পড়ুন : ‘ধর্ম আলাদা হলেও একসঙ্গে বসবাসে বাধা নয়’! ভিনধর্মের দম্পতিকে নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের
ঘূর্ণিঝড়ের ধাক্কায় ক্ষতি: এর মাঝেই ঘূর্ণিঝড়ের (Akvan Cyclone) প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির জেরে ফুলকপি চাষিদের দুশ্চিন্তা আরও বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ফুলকপির উপরে বৃষ্টির জল জমলে দ্রুত পচে যেতে পারে সবজি। ফলত চার পাঁচ দিন পর যে ফুলকপি জমি থেকে তোলার কথা ছিল, সেগুলি বাধ্য হয়ে আগেভাগেই কেটে ফেলতে হচ্ছে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী সময় দিলেই… কবে চালু নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো? অরেঞ্জ লাইন নিয়ে আপডেট মুখ্যমন্ত্রীর
আড়তদাররাও জানাচ্ছেন, একদিকে বৃষ্টি অন্যদিকে পাইকাররা না আসায় ফুলকপি বিক্রিতে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। একদিকে দাম কমছে হু হু করে। অন্যদিকে বৃষ্টির জেরে জমির ফসল নষ্ট হওয়ার চিন্তায় বড়সড় আর্থিক ক্ষতির চিন্তায় ঘুম উড়েছে চাষিদের।



