0%

কেন ১৫ ওভার আগেই জয়ের আশা ছেড়ে দিল ভারত? কিউয়িদের বিরুদ্ধে ড্রয়ে সাফাই অধিনায়ক গিলের

তীরে এসে তরী ডুবেছে! চালকের আসনে থাকা ভারতের জয় হাতছাড়া হয়েছে। পঞ্চম দিন নিউজিল্যান্ডের শেষ ৫ উইকেট তুলে নিতে মরিয়া ছিলেন শুভমান গিলেরা। কিন্তু শেষ পর্যন্ত ১৫ ওভার বাকি থাকতেই দুই দলের অধিনায়ক হাত মেলানোর সিদ্ধান্ত নেন। ওয়েলিংটনে প্রথম টেস্ট ড্র হয়। কেন জয়ের চেষ্টা ছেড়ে দিল ভারত? ম্যাচের পর তার ব্যাখ্যা দিলেন ভারত অধিনায়ক।

ম্যাচের শেষ দিকে ড্রেসিংরুমে গিয়ে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করতে দেখা যায় গিলকে। পিচ থেকে বোলারেরা কতটা সাহায্য পাচ্ছেন আলোচনা চলছিল তা নিয়ে। ম্যাচ জেতার জন্য হাতে আদৌ যথেষ্ট সময় রয়েছে কি না, সেই বিষয়েও কথা হয় তাঁদের। কিন্তু ওয়েলিংটনের যে ২২ গজে টিম ইন্ডিয়াকে খেলতে হল, সেই পিচে উইকেট তোলাটা যে চাট্টিখানি কথা নয়, তা হাড়ে হাড়ে টের পান ভারতীয় বোলাররা। তাঁর উপর ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস প্রাচীর হয়ে দাঁড়ান। ২৫৮ বল, অর্থাৎ টানা ৪৩ ওভার কাটিয়ে দিলেন তাঁরা। রান উঠল মাত্র ৬৩। তবু জুটি ভাঙতে পারলেন না ভারতীয় বোলাররা। এই পরিস্থিতিতে এক ঘণ্টা বাকি থাকতেই ড্রয়ের সিদ্ধান্ত নিলেন গিলরা।

IND vs NZ: Shubman Gill at the Press Conference
সাংবাদিক সম্মেলনে গিল। ছবি এক্স

এর কারণ ব্যাখ্যা করেছেন ভারত অধিনায়ক। জানিয়েছেন, পিচে আরও কিছুটা সাহায্য থাকলে হয়তো জয়ের জন্য লড়াই চালিয়ে যেতেন। কিন্তু ততক্ষণে ক্লান্ত হয়ে পড়েছিলেন ভারতীয় পেসারেরা। তাঁদের উপর আর চাপ বাড়াতে চাননি তিনি। অর্থাৎ, দ্বিতীয় টেস্টের আগে বিশ্রামের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছিল অধিনায়ককে। গিল বলেন, “পিচ থেকে যদি আর একটু সাহায্য পাওয়া যেত, তাহলে হয়তো চেষ্টা চালিয়ে যেতাম। কিন্তু আমাদের পেসারেরা ক্লান্ত ছিল। প্রত্যেকেই এই ম্যাচে প্রায় ৫০ ওভার করে বল করেছে।”

সেখানেই থামেননি ভারত অধিনায়ক। পরের টেস্টের সূচির কথাও মনে করিয়ে দিয়ে গিল বলেন, “মাত্র তিন দিনের মধ্যে পরের ম্যাচ। তার আগে আবার পরের দিনই আমাদের সেখানে যেতে হবে। তাই বোলারদের তরতাজা রাখতে চেয়েছিলাম। আমার মনে হয়নি, আরও পাঁচ থেকে দশ ওভার বল করলেও খুব একটা লাভ হত।” ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ক্রাইস্টচার্চের পিচে বোলারেরা বেশি সাহায্য পান কি না, এখন সেটাই দেখার। পাশাপাশি পেসারদের তরতাজা রাখাও ভারতের কাছে বড় চ্যালেঞ্জ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker