বিস্ফোরক তৈরির রাসায়নিক বোঝাই জাহাজ আটক ইন্দোনেশিয়ার নৌবাহিনীর, বাংলাদেশে যাচ্ছিল ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট

জাকার্তা, ২৩ নভেম্বর : চিন থেকে বাংলাদেশে যাওয়ার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থ বোঝাই একটি জাহাজ আটক করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির বেলাওয়ান উপকূলের জলসীমায় এই অভিযান চালানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
জাহাজটিতে থাকা রাসায়নিক পদার্থটির নাম সোডিয়াম পারক্লোরেট। এটি একটি শক্তিশালী অক্সিডাইজিং রাসায়নিক, যা বিভিন্ন শিল্পক্ষেত্রে ব্যবহারের পাশাপাশি নির্দিষ্ট ধরনের বিস্ফোরক তৈরিতেও কাজে লাগে।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ওয়াসপাদা ডট আইডি-র প্রতিবেদন অনুযায়ী, কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটিকে গত ৭ নভেম্বর আটক করা হয়।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১ (কোয়ারমাদা-১)-এর প্রধান রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা গত ২০ নভেম্বর এক সাংবাদিক সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য জানান।
তিনি বলেন, জ্বালানি নেওয়ার জন্য বেলাওয়ান উপকূলের জলসীমায় নোঙর করেছিল জাহাজটি। সেই সময় ইন্দোনেশিয়ার নৌবাহিনীর টহলদারি জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর কর্মীদের নজরে আসে সন্দেহজনক গতিবিধি।
জাহাজটি নির্ধারিত নৌপথের বাইরে চলাচল করছিল বলে সন্দেহ হয় নৌবাহিনীর কর্মীদের। এরপরই জাহাজটির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়।
তল্লাশির সময় জাহাজের নথিপত্র এবং পণ্যসামগ্রীর মধ্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। এরপর কেআরআই সিগালু-র কমান্ডার কোয়ারমাদা-১ সদর দফতরের সঙ্গে সমন্বয় করে জাহাজটিতে বিস্তারিত তল্লাশির নির্দেশ দেন।
ডেনি সেপ্টিয়ানা জানান, চিন থেকে বাংলাদেশগামী ওই জাহাজে মোট ৩৬টি কন্টেনার ছিল। তার মধ্যে ১৫টি কন্টেনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট থাকার কথা নথিতে উল্লেখ করা হয়েছিল।
তিনি আরও জানান, জাহাজের নথিতে ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত মেয়াদ উল্লেখ থাকলেও তার বৈধতার স্থিতি ‘স্থগিত’ বলে চিহ্নিত ছিল। জাহাজের প্রশাসনিক নথিপত্রের বৈধতা, যাত্রার আইনগত অনুমোদন এবং বিপজ্জনক পণ্য পরিবহণ সংক্রান্ত নিয়ম মেনে চলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডেনি বলেন, এই ঘটনায় জাহাজের নথিপত্র ও পণ্যসামগ্রী পরীক্ষা করে পাওয়া বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত চলছে।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



