ব্রিটেনের হয়ে টেনিসে হাতেখড়ি, ভারতের জার্সিতে খেলতে চান? কলকাতায় এসে লিয়েন্ডারকন্যা বললেন…

বাবা ভারতীয় টেনিসের কিংবদন্তি। ডেভিস কাপ থেকে অলিম্পিক, সর্বত্রই তাঁর কৃতিত্বের ছাপ। অথচ সেই লিয়েন্ডার পেজের মেয়েই এখন টেনিস কোর্টে নামছেন ব্রিটেনের খেলোয়াড় হিসাবে। তবে ভবিষ্যতে ভারতের জার্সি গায়ে চাপানোর ইচ্ছা রয়েছে তাঁর। কলকাতায় এসে সেই সম্ভাবনার কথাই জানালেন লিয়েন্ডার ও অভিনেত্রী রিয়া পিল্লাইয়ের মেয়ে আয়ানা পেজ।
কলকাতার বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের (বিটিএ) কোর্টে গত কয়েক দিন ধরেই ২০ বছরের আয়ানাকে নিয়ে আগ্রহ তুঙ্গে। এইচসিএল আইটিএফ ডব্লিউ১৫ কলকাতা প্রতিযোগিতায় ওয়াইল্ড কার্ড পেয়ে ভারতের আরজান খোরাকিওয়ালার সঙ্গে জুটি বেঁধে ডাবলসে নেমেছিলেন তিনি। এটাই ছিল ভারতীয় মাটিতে তাঁর প্রথম পেশাদার টেনিস প্রতিযোগিতা। তবে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে এই জুটিকে। দক্ষিণ কোরিয়ার ওনিউ চোই এবং রাশিয়ার মারিয়া পাঙ্করাতোভার কাছে ১-৬, ২-৬ ব্যবধানে হারেন তাঁরা।

হারলেও প্রতিভার ঝলক দেখিয়েছেন আয়ানা। একাধিক গেম গড়িয়েছে ডিউস পর্যন্ত। ম্যাচের পর তিনি বলেন, “আমরা ভালোই খেলেছি। অনেক গেম ডিউস পর্যন্ত গিয়েছে। তবে মোক্ষম সময়গুলোয় কিছুটা সমস্যা হয়েছে।” বাবার উপস্থিতিও যে তাঁর কাছে বড় প্রাপ্তি, তা জানাতে ভোলেননি লিয়েন্ডারকন্যা। আয়ানার কথায়, “বাবা পাশে থাকলে অনেক সুবিধা হয়। উনি যা যা করেছেন, তার বাইরেও আমি ওঁর কাছ থেকে অনেক কিছু শিখি। বিশেষ করে ডাবলস খেলার সময়ে বাবাকে পাশে পাওয়া সত্যিই আনন্দের।”
ব্রিটিশ নাগরিক আয়ানা গত তিন বছর ধরে বার্সেলোনায় প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানকার গোমেজ টেনিস অ্যাকাডেমিতে অনুশীলন করেন তিনি। ২০২৫ সাল থেকে পেশাদার টেনিসে পা রেখেছেন। পাশাপাশি অনলাইনে আমেরিকার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলে ব্যবসায়িক শিক্ষাও চালিয়ে যাচ্ছেন। তবে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে ভারতের হয়ে খেলার স্বপ্নও। সেই সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আয়ানা বলেন, “আশা করি, আমরা একটা উপায় বার করতে পারব। ভারতের হয়ে খেলতে পারলে দারুণ লাগবে। সব কিছু ঠিকঠাক এগোলে অবশ্যই ভারতের হয়ে খেলতে চাই।”

যদিও সেই পথ সহজ নয়। ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব গ্রহণের বিষয়টি যেমন রয়েছে, তেমনই রয়েছে দেশের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত সরকারি নীতি এবং খেলাধুলায় ওসিআই কার্ডধারীদের যোগ্যতার নিয়ম। ফলে আপাতত ব্রিটেনের খেলোয়াড় হিসাবেই কোর্টে নামতে হচ্ছে তাঁকে। কলকাতার সঙ্গে অবশ্য আয়ানার সম্পর্কটা খানিক আলাদা। মুম্বইয়ে শৈশব কাটলেও বাবার জন্মশহর কলকাতার প্রতি তাঁর বিশেষ টান রয়েছে। তাঁর কথায়, “কলকাতা এখন যেন আমার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে। এখানে খেলে খুব ভালো লাগল। আরজানের সঙ্গে খেলাটাও উপভোগ করেছি।”
আয়ানার আদর্শ নোভাক জকোভিচ। বিশেষ করে সার্বিয়ান তারকার মানসিক দৃঢ়তা তাঁকে আকৃষ্ট করে। অন্যদিকে, লিয়েন্ডারের পরামর্শে ম্যাচের ফলের চেয়ে প্রতিটি পয়েন্টে উন্নতির দিকে নজর রাখেন তিনি। স্পেনের মাটিতে প্রশিক্ষণ নিতে গিয়ে হার্ড কোর্টের পাশাপাশি ক্লে কোর্টের প্রতিও ভালোবাসা তৈরি হয়েছে তাঁর। এদিকে, কলকাতায় আয়ানার এই প্রতিযোগিতাকে ঘিরে লিয়েন্ডারের উপস্থিতিও ছিল তাৎপর্যপূর্ণ। বর্তমানে বিটিএ-র সভাপতি তিনি। আবার সর্বভারতীয় টেনিস সংস্থার সহ-সভাপতি পদেও প্রার্থী হয়েছেন লিয়েন্ডার। ওই নির্বাচনে মহারাষ্ট্র স্টেট লন টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রশান্ত সুথারের সঙ্গে তাঁর লড়াই। ২৭ নভেম্বর হবে নির্বাচন।

টেনিসের আর এক কিংবদন্তি মহেশ ভূপতির পরিবারেও পরের প্রজন্মের পদচারণা শুরু হয়েছে। মহেশ ও অভিনেত্রী লারা দত্তের মেয়ে সাইরা ভূপতি সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর ফুজেইরা টেনিস প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৪ মেয়েদের সিঙ্গলস খেতাব জিতেছে। সবমিলিয়ে ভারতীয় টেনিসের দুই কিংবদন্তির পরিবারের পরবর্তী প্রজন্মের কোর্টে আসা নিয়ে আগ্রহ বাড়ছে।
শেয়ার
লিংক



