৩০ নভেম্বরেই পেশ ডিলিমিটেশন বিল! মাত্র ৬ ভোটেই আটকাচ্ছে NDA

নয়াদিল্লি: আগামী ৩০ নভেম্বর লোকসভায় বহুপ্রতীক্ষিত সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন বিল (Delimitation Bill) পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় রাজনীতির অন্দরমহলে এই বিলকে কেন্দ্র করে এখন থেকেই চরম তৎপরতা ও অঙ্ক কষাকষি শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে এই বিলের সঙ্গে মহিলা সংরক্ষণ আইন বাস্তবায়নের বিষয়টি সরাসরি জড়িয়ে থাকায়, সংসদের নিম্নকক্ষে এই বিল পাস করানো শাসক ও বিরোধী উভয় শিবিরের কাছেই এক বড় রাজনৈতিক ও কৌশলগত পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
সংসদীয় ও রাজনৈতিক মহলের হিসাব অনুযায়ী, লোকসভায় এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিলটি পাস করাতে হলে শাসক জোট এনডিএ-র (NDA) প্রয়োজন অন্তত ৩৬০ জন সাংসদের সমর্থন। বর্তমানে এনডিএ শিবিরের ঝুলিতে রয়েছে ৩২০ জন সাংসদ যার মধ্যে প্রাক্তন তৃণমূল কংগ্রেস (TMC)-এর ২০ জন, প্রাক্তন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র ৬ জন এবং শিরোমণি অকালি দলের ১ জন সাংসদও অন্তর্ভুক্ত রয়েছেন। অর্থাৎ, ম্যাজিক ফিগার বা প্রয়োজনীয় ৩৬০-এর গণ্ডি স্পর্শ করতে শাসক জোটের আরও ৪০ জন সাংসদের সমর্থন একান্ত প্রয়োজন।
আরও দেখুনঃ শত্রুর ড্রোন হামলা রুখতে পোখরানে ভারতের নয়া ‘ভার্গবাস্ত্রের’ পরীক্ষা সফল
এই বাকি ৪০টি ভোটের সমীকরণ মেলাতেই এখন দিল্লির রাজনীতিতে শুরু হয়েছে তীব্র জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী শিবিরের বেশ কয়েকটি আঞ্চলিক দলের কাছ থেকে এই বিলে সমর্থন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য সমর্থনের তালিকায় রয়েছে ওয়াইএসআর কংগ্রেস পার্টি (YSRCP)-র ৪ জন, শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (NCP-SP)-র ৮ জন এবং তামিলনাড়ুর শাসক দল ডিএমকে (DMK)-র ২২ জন সাংসদ।
যদি এই তিনটি দল শেষ পর্যন্ত বিলের পক্ষে ভোট দেয়, তবে এনডিএ-র মোট সমর্থন সংখ্যা পৌঁছে যাবে ৩৫৪-এ। ( Delimitation Bill )সেক্ষেত্রেও লক্ষ্যমাত্রা পূরণ করতে শাসক জোটের মাত্র ৬টি ভোট কম পড়বে। আর ঠিক এই জায়গাতেই সবথেকে বড় রাজনৈতিক ধর্মসঙ্কট বা উভয়সঙ্কটে পড়েছেন সমাজবাদী পার্টির (SP) প্রধান অখিলেশ যাদব। কারণ, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে, এবং এই পরিস্থিতিতে অখিলেশ যাদবের প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ রাজ্যের ভোটব্যাংকে সরাসরি প্রভাব ফেলতে পারে।
ডিলিমিটেশন বিলের সঙ্গে মহিলাদের কল্যাণ এবং সংসদে ও বিধানসভায় মহিলা সংরক্ষণের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। ফলে অখিলেশ যাদবের সামনে এখন কোটি টাকার প্রশ্ন উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনের আগে তিনি কি মহিলাদের কল্যাণ ও ক্ষমতায়নের মতো একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যুতে এই বিল আটকানোর ঝুঁকি নিতে পারবেন?
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সমাজবাদী পার্টি যদি এই বিলের বিরোধিতা করে বা ভোটদানে বিরত থাকে, তবে বিজেপি ও এনডিএ শিবির তাকে ‘মহিলা বিরোধী’ পদক্ষেপ হিসেবে প্রচার করে উত্তরপ্রদেশের মহিলা ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা করবে। আবার অন্যদিকে, বিলের শর্তাবলি নিয়ে বিরোধী জোটের অভ্যন্তরীণ আপত্তিও রয়েছে, বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর আসন সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা এবং অনগ্রসর শ্রেণির (OBC) সংরক্ষণের দাবি নিয়ে নানা প্রশ্ন উঠছে।



