0%

হল না লঙ্কাজয়, সেমিতেই বিশ্রী হেরে এশিয়াজয়ী হওয়ার স্বপ্নভঙ্গ বৈভবদের

ভারত- ৩১৭/৮ (অভিষেক ৭৮, শাহবাজ, ৫৪, তিলক ৫৩, লিয়াঙ্গে ৩৭/২)

শ্রীলঙ্কা- ৩১৮/২ (ক্রুসপুলে ১১৬, জয়াবর্দেনা ১০৫)

মাত্র ৪৮ ঘণ্টা আগে তার ব্যাটে সাইক্লোন দেখেছে ক্রিকেট বিশ্ব। অথচ বৃহস্পতিবার সেই ফর্ম থেকে অনেকটাই দূরে ছিল বৈভব সূর্যবংশী। তখনই আন্দাজ করা গিয়েছিল আজ দিনটা ভারতের নয়। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। এশিয়া কাপের মহাগুররুত্বপূর্ণ সেমিফাইনালে শ্রীলঙ্কা এ দলের কাছে বিশ্রী হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ভারত এ। তবে ভারত তিনশোর উপরে রান তোলার পরেও চাপে পড়ল বোলিং ব্যর্থতায়। আজ শ্রীলঙ্কার ব্যাটিং কার্যতই ছিল অবিশ্বাস্য। ৮ উইকেট হাতে রেখে এবং ৯.৫ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়া সত্যিই বিরাট কৃতিত্বের বিষয়। এই দাপুটে জয় প্রমাণ করে দিল শ্রীলঙ্কা এ দল চ্যালেঞ্জের মোকাবিলা করতে জানে। এমন শক্তিশালী ‘মেন ই ব্লু’ ব্রিগেডকে এভাবে মাটি ধরানো নইলে সহজ ছিল না।

একথা মানতেই হবে সব বিভাগেই আজ তারা ভারতকে টেক্কা দিয়েছে। আর ভারত?  বৈভবদের ভরাডুবির জন্য দায়ী কে? অনেকেই আঙুল তুলছেন কোচের দিকেই। অলরাউন্ডারের নামে বোলারদের দলে নিয়েই ভুগতে হল ভারতকে, বলছেন তাঁরা। আবার ব্যাটিং-সহায়ক পিচে ধীরগতির স্ট্রাইক রেটের জন্য অধিনায়ক তিলক বর্মার দিকেও আঙুল উঠছে। পাশাপাশি সূর্যবংশী ও অভিষেক শর্মার বিরুদ্ধেও অভিযোগ, বড় শট খেলার নেশায় অকারণে উইকেট বিলিয়ে দেওয়ার। আসলে এই সব কারণই একেকটা ফ্যাক্টর হয়ে উঠেছিল এদিন। আর তারই ফলশ্রুতি, সেমিতেই প্রতিযোগিতার বাইরে চলে যাওয়া।

এদিন ভারত টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে। সংযুক্ত আরব আমিরশাহী এ দলের বোলারদের নিয়ে একপ্রকার ছিনিমিনি খেলে ৫২ বলে ২০০ রানের ইনিংস খেলার পর বৈভব সূর্যবংশীকে ডাকা হচ্ছে ‘বেবি বস’ বলে। কিন্তু আজকের দিনটা বৈভবের ছিল না। সে অবশ্য ব্যর্থ হয়নি। ৮ ওভারে দলের ৮০ রানের মাথায় সে যখন আউট হল নামের পাশে ৪০ রান। এর মধ্যে চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা। কিন্তু ২৭ বলের ইনিংসে সেই পরিচিত ঝাঁজ ছিল না। অনেকগুলি ডট বলও খেলল। অভিষেক শর্মা ৭৮ করতে নিল ৬৩ বল। আর অধিনায়ক তিলক ৬৬ বলে ৫৩। ৪৮ বলে ৫৪ করলেন শাহবাজ। সব মিলিয়ে ৫০ ওভারে উঠল ৩১৭। খারাপ স্কোর নয়। কিন্তু শক্তিশালী শ্রীলঙ্কা ব্যাটিংকে সামলানো যে সহজ হবে না সেটা তখন থেকেই বোঝা যাচ্ছিল। 

দ্বিধা ছাড়াই সাবলীলভাবে নিজেদের ব্যাটিং করতে শুরু করে শ্রীলঙ্কার দুই ওপেনার ক্রুসপুলে আর জয়াবর্দেনা। ২১ ওভার ৩ বলে ১৭৪ রান তুলে ফেলে দু’জনে মিলে। জয়াবর্দেনা (১০৫) আউট হল যখন ততক্ষণে ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছে। ক্রুসপুলে করল ১১৬। ভারতীয় বোলাররা আজ একেবারেই দাঁড়াতে পারেনি। ফলে অনায়াসেই ম্যাচটা নিয়ে গেল লঙ্কা শিবির। যদি এমন ভয়াল ফর্ম তারা বজায় রাখে, তবে রবিবারের ফাইনালে বাংলাদেশ বা পাকিস্তান, যেই উঠুক তাদের সামনে যে বিরাট চ্যালেঞ্জ থাকবে তা বলাই বাহুল্য।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker