পরিকাঠামো প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ মোদির, ৭৮ হাজার কোটিরও বেশি টাকার প্রকল্প পর্যালোচনা

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজে দেরি হলে শুধু ব্যয় বৃদ্ধি পায় না, এর ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং দেশের অর্থনীতিও প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হয়। তাই সমস্ত পরিকাঠামো প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উপর বিশেষ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার নয়াদিল্লির সেবা তীর্থে প্রগতি (PRAGATI) প্ল্যাটফর্মের ৫৫তম বৈঠকে পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী। বৈঠকে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজ্য সরকারগুলিকে প্রকল্পের কাজে থাকা সমস্ত অমীমাংসিত সমস্যা চিহ্নিত করে নির্দিষ্ট দায়িত্ব ও বাস্তবসম্মত সময়সীমার ভিত্তিতে দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে নির্ধারিত সময়ে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণের গুণগত মান বজায় রাখার উপরও জোর দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সড়ক, বিদ্যুৎ, কয়লা এবং রেল মন্ত্রকের অধীনে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এই প্রকল্পগুলির মোট ব্যয় ৭৮ হাজার কোটি টাকারও বেশি। পাশাপাশি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান (আইটিআই) ব্যবস্থার উন্নয়ন এবং প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআই (PM-SETU) প্রকল্পের বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সড়ক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, প্রকল্পে কত টাকা বরাদ্দ হয়েছে, শুধু তার উপর গুরুত্ব না দিয়ে বাস্তবে কতটা সুফল পাওয়া যাচ্ছে, সেদিকে নজর দিতে হবে।
কয়লা প্রকল্পের ক্ষেত্রে পুনর্বাসন ও পুনর্বাসন-পরবর্তী পুনর্বসতি প্রক্রিয়া সময়মতো এবং মর্যাদার সঙ্গে সম্পন্ন করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির স্বার্থও যথাযথভাবে সুরক্ষিত রাখতে হবে।
বিদ্যুৎ প্রকল্পের পর্যালোচনায় বিকেন্দ্রীভূত সৌর ও বায়ুশক্তি উৎপাদনের উদ্ভাবনী মডেল খতিয়ে দেখার পরামর্শ দেন মোদি। স্থানীয় সম্পদের প্রাপ্যতা এবং বিদ্যুতের চাহিদা বিবেচনা করে যেখানে সম্ভব, বিদ্যুৎ ব্যবহারের কেন্দ্রগুলির কাছাকাছি এই ধরনের প্রকল্প গড়ে তোলার কথা বলেন তিনি। এর ফলে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং বিদ্যুৎ পরিবহণ পরিকাঠামোর উপর চাপ কমবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এদিন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকেও ভবিষ্যতের কর্মী চাহিদা পর্যালোচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ ও নিয়োগের জন্য আইটিআইগুলির সঙ্গে আরও শক্তিশালী সমন্বয় গড়ে তোলার নির্দেশ দেন তিনি।
মোদি বলেন, শিল্পাঞ্চল এবং বিভিন্ন ক্ষেত্রের নির্দিষ্ট চাহিদার ভিত্তিতে দক্ষতা উন্নয়ন কর্মসূচি সাজাতে হবে। প্রতিটি অঞ্চলে বর্তমানে চালু শিল্প এবং ভবিষ্যতে যে বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আইটিআইয়ের বিভিন্ন ট্রেড, পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পরিকাঠামো গড়ে তুলতে হবে।
প্রসঙ্গত, প্রগতি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর একটি বহুমুখী মঞ্চ। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় বাড়িয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ও সক্রিয় প্রশাসনিক উদ্যোগ নিশ্চিত করা হয়।



