0%

জলপথে ভয়ংকর হামলার ষড়যন্ত্র! পাকিস্তানে ‘সমুন্দরি জেহাদি’দের স্কুবা ডাইভিংয়ের প্রশিক্ষণ লস্করের

সমুদ্রপথে ভয়ংকর হামলার ষড়যন্ত্র পাক জঙ্গিদের! জানা যাচ্ছে, করাচি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে আরব সাগরে অবস্থিত চরনা দ্বীপে জঙ্গিদের স্কুবা ডাইভিংয়ের প্রশিক্ষণ দিচ্ছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। সম্প্রতি সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সকলের নজর এড়িয়ে এই প্রশিক্ষণ কেন্দ্র চালাতে পর্যটকের বেশে সমুদ্রে নামছে জঙ্গিরা। সন্ত্রাসীদের পর্যটক হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে।

গোয়েন্দা সূত্রের খবর, সমুদ্রের নিচে জঙ্গিদের স্কুবা ডাইভিংয়ের প্রশিক্ষণ দিচ্ছে লস্করের সামুদ্রিক শাখা ‘দাওয়া মেরিন উইং’ ওরফে ‘সাদা-এ-হুরিয়ত’। জলের নিচে অপারেশন চালানো, স্কুবা ডাইভিং, কমব্যাট সুইমিং-সহ একাধিক সামুদ্রিক যুদ্ধকৌশলের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, সন্ত্রাসীদের প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে লস্করের রাজনৈতিক শাখা পাকিস্তান মার্কাজি মুসলিম লিগের সদস্যরা। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, বহিরাগতদের কাছে এই জঙ্গিদের সাধারণ পর্যটক হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে।

সকলের নজর এড়িয়ে এই প্রশিক্ষণ কেন্দ্র চালাতে পর্যটকের বেশে সমুদ্রে নামছে জঙ্গিরা। সন্ত্রাসীদের পর্যটক হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে।

আরও জানা যাচ্ছে, দ্বীপটিতে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক আসে। সেই ভিড়ের আড়ালে চলছে এই গোপন প্রশিক্ষণ। শুধু তাই নয়, এই অঞ্চল পাকিস্তানের নৌসেনার ফায়ারিং রেঞ্জ হিসেবেও ব্যবহৃত হয়। ফলে সেখানে যে গোপনে জঙ্গি প্রশিক্ষণ চলছে তা সাধারনের পক্ষে ধরা কঠিন। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ‘দাওয়া মেরিন উইং’-এর তরফে জঙ্গিদের প্রশিক্ষণ এই প্রথমবার নয়। এর আগে লস্কর জঙ্গিরা পাক অধিকৃত কাশ্মীরের মঙ্গল বাঁধে প্রশিক্ষণ নিচ্ছিল। সেখানে সন্ত্রাসীরা লঞ্চপ্যাড ও সুইমিং পুলের মতো সুবিধা তৈরি করে। অপারেশন সিঁদুরের সময় ভারতের নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছিল জঙ্গিদের এই প্রশিক্ষণ কেন্দ্র। এরপর গোপনে চরনা দ্বীপে নিয়ে যাওয়া হয় সেটি।

উল্লেখ্য, ২৬/১১ মুম্বই হামলার সময় সমুদ্রপথেই ভারতে অনুপ্রবেশ করেছিল লস্কর জঙ্গিরা। ভয়ংকর সেই সন্ত্রাসী হামলার ক্ষত আজও দগদগে। আশঙ্কা করা হচ্ছে, আরও একবার এই ধরনের হামলা চালাতে বড় পরিসরে প্রস্তুতি শুরু করেছে জঙ্গিরা। যদিও ভারতের গোয়েন্দা সংস্থাগুলি লস্করের এই কুকীর্তি সম্পর্কে অবগত। সমুদ্রপথে অনুপ্রবেশ রুখতে সমস্ত রকম প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker