পোল্যান্ডে বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত ৬, হামলাকারীর বাড়িতে উদ্ধার ৩ জনের দেহ

পোল্যান্ডে বন্দুকবাজের হানা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ৬ জনের। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, হামলাকারীর বাড়ি থেকেও উদ্ধার হয়েছে ৩ জনের দেহ।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের প্রধান পর্যটন কেন্দ্র ক্রাকোতে। শনিবার রাতে সেখানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। রঙবেরঙের আলোয় ভাসছিল চারদিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড়ের মধ্যে আচমকা এক যুবক এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। হামলায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন একাধিক। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আততায়ীকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান তিনি। পালটা জবাব দেয় বাহিনীও। তাতেই আহত হন হামলাকারী। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কিন্তু কী কারণে ওই যুবক হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের একটি সূত্রের খবর, আততায়ী উগ্র-ডান মতাদর্শ দ্বারা প্রভাবিত ছিলেন। অন্যদিকে, তদন্তে নেমে বন্দুকবাজের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে ৩ জনের দেহ। তাঁদের পরিচয়ও এখনও জানা যায়নি। তাঁদের হত্যার নেপথ্যেও কি বন্দুকবাজের হাত রয়েছে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শেয়ার
লিংক



