‘ম্যায় পল দো পল কা…’, নীল জার্সি তুলে রেখে লিখেছিলেন ধোনি, এবারও গানের সুরে আবেগি পোস্ট মাহির

এমনিতে সোশাল মিডিয়ায় হুটহাট পোস্ট করেন না মহেন্দ্র সিং ধোনি। আবার নিজেকে উদযাপন, আবেগের আতিশয্য, কোনওটাই বিশেষ পছন্দ নয় তাঁর। কিন্তু বিদায়ের দিনে হয়তো কিছুটা ব্যতিক্রমী হয়ে রয়ে গেলেন ক্যাপ্টেন কুল। সব ফরম্যাটের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার দিন প্রথা ভেঙে সোশাল মিডিয়ায় ছোট্ট বার্তা দিলেন মাহি। বুঝিয়ে দিলেন, সমর্থকদের মনে যে তাঁর জায়গা চিরস্মরণীয়, সেটা এতদিনে অনুধাবন করতে পেরেছেন। মেনে নিলেন, ভারতীয় ক্রিকেটে, ভারতীয় জনতার মনে তিনি চিরস্থায়ী জায়গা করে ফেলেছেন।
২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের অভিশপ্ত রান আউটের পরই ধোনির মন ভেঙে গিয়েছিল। তারপর কোভিড। গোটা বিশ্ব যখন গৃহবন্দি, সেই ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেন মাহি। সেবার আচমকা সোশাল মিডিয়ায় ছোট্ট একটা গান পোস্ট করে ছিলেন। সমর্থকদের বুঝিয়েছিলেন, ‘ম্যায় পর দো পল কা শায়র হু।’ ২০২০ সালে দাঁড়িয়ে ধোনির মনে হয়েছিল ভারতীয় ক্রিকেটের বহমান ধারায় তিনি হয়তো হারিয়ে যাবেন। তাঁকে আর যা-ই হোক সমর্থককুল চিরদিন মনে রাখবে না।
কিন্তু গত সাত বছর মাহির সেই ভুল ভেঙে দিয়েছে। তিনি যে ক্রিকেটপ্রেমীদের মনে চিরঅক্ষয় হয়ে থাকবেন, সেটা বুঝে গিয়েছেন বিলক্ষণ। দলমত নির্বিশেষে দেশের সব প্রান্তে, সবার কাছে সমান ভালোবাসা পেয়ে তিনি সবার প্রিয় ‘মাহি’ হয়ে উঠেছেন। এই কয়েক বছরে ধোনি বুঝে গিয়েছেন ভারতীয় ক্রিকেটে তাঁর যা অর্জন, তাঁর যা সাফল্য, সমর্থকদের মধ্যে তাঁর যা জনপ্রিয়তা, তাতে তিনি অন্তত ‘পল দো পল’ কা শায়ের নন, বরং তিনি ‘হর এক পল’ কা শায়ের। ভারতীয় ক্রিকেটের কথা যখন আলোচিত হবে, ভারতীয় ক্রিকেটে কিংবদন্তিদের কথা যখন ভাবা হবে, তখনই তাঁর নাম উচ্চারিত হবে সবার উপরের সারিতে। শেষদিনে বিনয় ভুলে সেই সারসত্য স্বীকার করলেন ধোনিও। মেনে নিলেন, নিজেকে ক্ষণস্থায়ী ভেবে ভুল করেছিলেন। তিনি চিরস্থায়ী বুঝে গিয়েছেন। তাঁর সোশাল মিডিয়ার বার্তা যেন সেই ভুলেরই স্বীকারোক্তি।
এমনিতে মাহি বরাবরের বিনয়ী। ব্যক্তিকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে দলকেই প্রাধান্য দেন তিনি। ক্রিকেটকে বিদায়ের দিনও তাঁর পোস্টে প্রাধান্য পেলেন সতীর্থরাই। যে ভিডিও তিনি পোস্ট করলেন তাতে শচীন তেণ্ডুলকর থেকে শুরু করে বীরেন্দ্র শেহওয়াগ, বিরাট কোহলি, রোহিত শর্মা কারা নেই। তাঁর অধীনে এই সব তারকাদের সাফল্যকে যেন উদযাপন করে গেলেন মাহি। একই সঙ্গে তিনি ধন্যবাদ জানালেন সমর্থকদের। যারা তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে এসেছেন এতদিন।
ধোনির স্ত্রী সাক্ষীও সোশাল মিডিয়ায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি এক ইন্সটা পোস্টে বলেন, “কিছু অধ্যায় শেষ না হলে আরও ভালো কিছু শুরু হয় না। যারা মাহিকে এতদিন ভালবেসেছেন, সমর্থন করেছেন, তাঁদের হৃদয়ের অন্ত্বস্থল থেকে ধন্যবাদ। তোমার জন্য গর্বিত মাহি।”
শেয়ার
লিংক



