কোয়াড বৈঠকে ভারসাম্যের চাল, ড্রাগনকে নজরে রেখে আমেরিকার সঙ্গে ‘ট্রাপিজের খেলা’য় মোদি

কোয়াডের সদস্য দেশগুলির অন্যতম আমেরিকা। সেই মার্কিন মুলুকে মধ্যবর্তী নির্বাচনে হেরেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, গত সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পার্শ্ববৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা ছিল আমেরিকার প্রতি ইঙ্গিতবাহী বার্তা। এই অবস্থায় কোয়াড শীর্ষ সম্মেলনে নিজের ভাষণে মধ্যবর্তী ভারসাম্যের পথে হাঁটলেন মোদি। এদিন তিনি ভূ-রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বাসযোগ্য সমাধানের প্রস্তাব দেন। সেই কাজে কোয়াডের চার দেশ— অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা ও ভারতের মধ্যে পারস্পারিক আস্থার সম্পর্কে জোর দেন।
মোদির ভাষায় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে “গঠনমূলক ও বিশ্বস্ত অংশীদারিত্ব” জরুরি। তিনি সামুদ্রিক নিরাপত্তা, নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল, নতুন প্রযুক্তি এবং দুর্যোগ মোকাবিলাকে এই চার সদস্য দেশের মধ্যে সহযোগিতার মূল ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন। মোদি বলেন, “ভারত কোয়াডকে একটি গঠনমূলক ও বিশ্বস্ত অংশীদারিত্ব হিসেবে দেখে। সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা, নতুন নতুন প্রযুক্তি থেকে দুর্যোগ মোকাবেলা পর্যন্ত, আমাদের প্রচেষ্টা হল কোয়াড যেন সমগ্র ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য বিশ্বস্ত সমাধান প্রদান করে।”
মোদি চার দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে নিয়মিত যোগাযোগের বিষয়টিও তুলে ধরেন। উল্লেখ করেন, গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা পাঁচবার বৈঠক করেছেন। তিনি বলেন, “কোয়াডকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন দেশের নেতাদের নেতৃত্ব, সমর্থন এবং ব্যক্তিগত অবদানের জন্য সকল অংশীদার নেতৃবৃন্দকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমি।” মোদি আরও বলেন, “আমি নিশ্চিত যে আজকের বৈঠক আমাদের পারস্পারিক সহযোগিতার ক্ষেত্রকে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করবে।” ইরান যুদ্ধের পর থেকে ছোট-বড় জলযানে হামলায় নিহত ও আহত হয়েছেন একাধিক ভারতীয় নাবিকরা। কোয়াডের ভাষণে, ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিতেই জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
ওয়াকিবহাল মহলের বক্তব্য়, ভারত-মহাসাগরীয় অঞ্চলে চিনের আধিপত্য রুখতে একদিকে যেমন আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার মতো অংশিদারদের সঙ্গে ঘনিষ্টতা বাড়াতে আগ্রহী ভারত। অন্যদিকে পরবর্তীত পরিস্থিতিতে সংবেদনশীল প্রতিবেশী চিনের সঙ্গেও সম্পর্ক খারাপ করতে চায় না দিল্লি। এই কারণেই মধ্যবর্তী ভারসাম্যের পথে মোদি! ড্রাগনকে নজরে রেখে আমেরিকার সঙ্গে ‘ট্রাপিজের খেলা’। উল্লেখ্য, মধ্যবর্তী নির্বাচনে হারের পর ট্রাম্পের মুখে মোদির ভূয়সী প্রশংসা তাৎপর্যপূর্ণ। ক্ষমতা অর্ধেক হয়ে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ইরানযুদ্ধ থেকে সরে এলে হরমুজ সমস্যারও স্থায়ী সমাধান হতে পারে। সব মিলিয়ে প্রশান্ত-মহাসাগরীয় জলপথ উন্মুক্ত ও নিরাপদ থাকলে উপকৃত হবে ভারত। অন্যদিকে, মার্কিন শুল্কনীতি ও ভারতীয় অভিবাসী নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থানের কথাও ভুলছে না দিল্লি।
শেয়ার
লিংক



