0%

বৈঠক মোদির সঙ্গে, আলোচনা সীমান্ত নিয়ে! প্রথম ভারত সফরে রবিবার দিল্লি পৌঁছবেন বলেন্দ্র

প্রথমবার ভারত সফরে রবিবার দিল্লিতে পৌঁছবেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ (Balendra Shah India Visit)। আগেই জানা গিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে অযোধ্যা-জনকপুর রেল পরিষেবার সূচনা করবেন বলেন্দ্র। শুক্রবার জানা গিয়েছে, ভারত-নেপাল দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। আলোচনায় উঠে আসতে পারে প্রতিবেশী দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি। আলোচনা হতে পারে সীমান্ত সমস্যা নিয়েও।

হিমালয়ের দেশে জেন জি আন্দোলনে পর গত মার্চ মাসে সর্বসম্মতিক্রমে মসনদে বসেন বলেন্দ্র। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সোমবার মোদির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। মোদির আমন্ত্রণেই দু’দিনের (২২ ও ২৩ নভেম্বর) ভারত সফরে দিল্লি আসছেন নেপালের প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে মন্ত্রক বলেছে, “এই সফর দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার এবং পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ প্রদান করবে।” আরও বলা হয়েছে, “ভারত ও নেপালের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা ঐতিহাসিক, সাংস্কৃতিক সংযোগ এবং দুই দেশের জনগণের শক্তিশালী সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।” মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মোদি-বলেন্দ্র বৈঠকে বাণিজ্য, উন্নয়নে অংশীদারিত্ব, জ্বালানি, জলসম্পদ নিয়ে কথা হবে। পাশাপাশি ডিজিটাল সংযোগ-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও কথা হতে পারে।

গত মে মাসে ভারত ও নেপালের দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে চিন ও ব্রিটেনকে যুক্ত করার আহ্বান জানান বলেন্দ্র। ওই ঘটনায় দিল্লির সঙ্গে সম্পর্কে অবনতি হয় কাঠামান্ডুর। ভারত জানিয়ে দেয়, সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে তৃতীয় পক্ষের ভূমিকা মানা হবে না। আরও জানানো হয়, এই বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনার পথ খোলা রয়েছে। উল্লেখ্য, লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি নিয়ে দুই দেশর মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ রয়েছে। ভারত বরাবর বলে আসছে, এই অঞ্চলগুলি উত্তরাখণ্ডের অংশ। মনে করা হচ্ছে, মোদি-বলেন্দ্র বৈঠকে সীমান্ত সমস্যা নিয়েও আলোচনা হত পারে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker