রবীন্দ্র সরোবরে শুরু হচ্ছে আন্তর্জাতিক রোয়িং, সূচনার দিনক্ষণ জানাল ক্লাব

আগামী ১ থেকে ৫ ডিসেম্বর কলকাতায় বসছে চতুর্থ আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ রেগাট্টা ২০২৬-এর আসর। ঢাকুরিয়া লেক সংলগ্ন রবীন্দ্র সরোবরে কলকাতা রোয়িং ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করেছে। ২৬ নভেম্বর, বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়।
এবারের প্রতিযোগিতার মূল থিম “পাওয়ার অফ ফ্রেন্ডশি”। রেগাট্টা কমিটির চেয়ারম্যান তথা সংগঠনের সহ-সভাপতি গিরি চতুর্বেদী জানিয়েছেন, প্রায় শতাধিক পুরুষ ও মহিলা প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানের রোয়িং খেলোয়াড়দের উপস্থিতি এবারের অন্যতম বড় আকর্ষণ। তালিকায় রয়েছে যুক্তরাজ্য, সুইডেন, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, হংকং এবং চীন।
আগামী মাসের প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার প্রতিযোগিতার উদ্বোধন হবে। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত। পাঁচ দিনের এই আসরে বয়স ভিত্তিক তিনটি বিভাগ থাকছে। সেগুলি হল ওপেন, মাস্টার্স এবং সুপার মাস্টার্স। প্রতিযোগিতার চারটি ক্যাটেগরি নির্ধারণ করা হয়েছে। প্রথমটি সিঙ্গেল স্কালস (ওয়ান এক্স)। দ্বিতীয়টি ডাবল স্কালস ( টু এক্স)। তৃতীয় ক্যাটেগরি পেয়ার্স (২-)। চতুর্থ ক্যাটেগরি ফোর্স (৪-/৪+)। এই সমস্ত তথ্য দিয়েছেন রেগাট্টা সম্পাদক শুভজিৎ ঘোষ।
বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চন্দন রায় চৌধুরী, বিপ্লব কুমার দত্ত এবং দীপঙ্কর ঘোষ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাপ্তি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত থাকবেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খান। সব মিলিয়ে আগামী সপ্তাহে রবীন্দ্র সরোবরের জলে জমজমাট রোয়িং প্রতিযোগিতার অপেক্ষায় শহরবাসী।
শেয়ার
লিংক



