ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাগ পুত্র

নিজস্ব প্রতিনিধি: ছোটদের (অনূর্ধ্ব-১৯)এশিয়া কাপের জন্য শুক্রবার (৩০ অক্টোবর) ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। দলের অধিনায়কের গুরুদায়িত্ব বর্তেছে লক্ষ্য রায়চান্দানির কাঁধে। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন যশবর্ধন সিংহ চৌহান। দলে ঠাঁই করে নিয়েছেন ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয় দ্রাবিড় এবং বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর শেহবাগ।
আগামী ৫ নভেম্বর থেকে ওমানের রাজধানী মাস্কাটে বসছে ছোটদের এশিয়া কাপের আসর। ফাইনাল হবে ১৪ নভেম্বর। প্রতিযোগিতায় মোট আট দল অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’-তে পড়েছে ভারত। এই গ্রুপে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও নেপাল। আর গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। গ্রুপের শীর্ষে থাকা দুই দল সেমিফাইনালে ঠাঁই করে নেবে।
ছোটদের এশিয়া কাপের জন্য এদিন ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয় দ্রাবিড় এবং রজত বাঘেল। দলে রাখা হয়েছে আর্যবীর সেহবাগকেও। বিনু মাঁকড় ট্রফিতে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েচিলেন অন্বয় দ্রাবিড়। কর্নাটক দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব পালন করেছিলেন। বাবার মতো মাথা ঠান্ডা রেখে ধ্রুপদী ব্যাটিং নন, ধুমধাড়াক্কা-মারকাটারি ব্যাটিংয়েই বিশ্বাসী তিনি। অন্বয় দ্রাবিড়ের মতো বীরেন্দ্র শেহবাগ পুত্র আর্যবীর ইদানিং ব্যাট হাতে তুখোড় ফর্মে রয়েছেন। ছোটদের এশিয়া কাপ দুজনের কাছেই নিজের জাত চেনানোর অগ্নিপরীক্ষা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ছোটদের এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল:
লক্ষ্য রায়চান্দানি (অধিনায়ক) যশবর্ধন সিংহ চৌঃআন (সহ অধিনায়ক), অন্বয় দ্রাবিড় (উইকেটরক্ষক), রজত বাঘেল (উইকেটরক্ষক), আর্যবীর শেহবাগ, ভিকে বিনীত, কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, ভি যশবীর, আরিয়ান শাবসানি, মোহিত উলভা, কাব্য পটেল, শাবিন বিনোদ, ঈশান সুদ।।
The post ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাগ পুত্র appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



