ভুয়ো ডাক্তার ধরতে সব চিকিৎসকের নথি যাচাই করবে রাজ্য! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

SOBDIK NEWS: ভুয়ো ডাক্তার (Fake Doctor) ধরতে এবার কড়াকড়ির পথে রাজ্য সরকার (Government of West Bengal)। রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত সকল চিকিৎসকের নথি যাচাই করা হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। প্রায় ১ লক্ষ ১০ হাজার ডাক্তারের নথি যাচাই করা হবে বলে জানিয়েছেন তিনি।
ভুয়ো ডাক্তার ধরতে কড়াকড়ি রাজ্যের | (Government of West Bengal)
স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে স্বাস্থ্য দফতর বৈঠক করেছে। বর্তমানে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রায় ১ লক্ষ ১০ হাজার চিকিৎসকের নাম নথিভুক্ত আছে। এবার তাঁদের রিভ্যালিডেশন করা হবে।
শারদ্বত জানান, সংশ্লিষ্ট চিকিৎসকদের বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া মান্যতাপত্র পুনরায় যাচাই করা হবে। কেওয়াইডি তথা নো ইওর ডক্টর হবে। মূলত দু’টি উপায়ে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথমত, চিকিৎসকেরা নিজে এসে নথি দেখাতে পারবেন ও দ্বিতীয়ত, যারা কোনও কারণবশত নিজে এসে নথি দেখাতে পারবেন না, তাঁদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ করা হবে। এর জন্য বেসরকারি সংস্থার দ্বারস্থ হবে রাজ্য।
আরও পড়ুনঃ ৬ হাজারের জায়গায় মিলবে ৯ হাজার! রাজ্যের কৃষকদের জন্য নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর
যদিও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই নথি যাচাইয়ের মাধ্যমে কোনও চিকিৎসককে বিব্রত করা হবে না। যেসব চিকিৎসক মৃত বা দেশে রয়েছেন কিংবা বিদেশে চলে গিয়েছেন, তবে আর চিকিৎসা করেন না, তাঁদের নাম রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নথিভুক্ত তালিকা থেকে বাদ দেওয়া হবে।
এছাড়া শারদ্বত জানান, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে কিছু নথিভুক্তকরণ শংসাপত্র দেওয়া হয়। সেগুলির নীচে লেখা থাকে, শংসাপত্রটি কতদিনের জন্য বৈধ। কেন এই বিষয়টি লেখা হয়, সঙ্গত কারণে এর কোনও আইনি মান্যতা খুঁজে পাওয়া যায়নি। তবে শংসাপত্রের নীচে যাই লেখা থাকুক না কেন নতুন নির্দেশিকা না দেওয়া অবধি সব রেজিস্ট্রেশন বৈধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
এই বিষয়ে কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় জানান, আইনে না থাকলেও নথি যাচাইয়ের ভাবনা থেকেই শংসাপত্রগুলির মেয়াদ ঠিক করা হয়েছিল। সেই মেয়াদ পেরিয়ে গেলে সংশ্লিষ্ট চিকিৎসককে ফের রিনিউ করার নির্দেশ দেওয়া হয়। তবে স্বাস্থ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, সেটি মানা হবে বলে জানিয়েছেন কাউন্সিলের এক আধিকারিক।
এদিকে ভুয়ো ডাক্তার কাণ্ডের জল ইতিমধ্যেই অনেকদূর গড়িয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটে দায়ের হয়েছে অভিযোগ। এবার ভুয়ো ডাক্তার ধরতে রাজ্যের সব চিকিৎসকের নথি যাচাই করতে চলেছে সরকার।



