‘ধামাচাপা দিয়েছে’, বলবিকৃতি কাণ্ডে এবার কাঠগড়ায় অজি বোর্ড, ওয়ার্নারের তোপে স্টার্ক-হ্যাজেলউডও

৮ বছর আগের ঘটনা। তবে ফের কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে উঠেছে। শুরু হয়েছিল উসমান খোয়াজার বই থেকে। এবার স্যান্ডপেপার গেট কাণ্ডে পুরো অস্ট্রেলিয়া বোর্ডকেই কাঠগড়ায় তুললেন ডেভিড ওয়ার্নার। তিন তারকা বোলারের নাম জড়িয়ে দিলেন বলবিকৃতি কাণ্ডে। প্রাক্তন অজি ওপেনারের সাফ কথা, তদন্ত প্রক্রিয়া ধামাচাপা দেওয়া হয়েছে।
২০১৮ সালে কেপটাউন টেস্টে বলবিকৃতির জন্য শাস্তি হয়েছিল সহ-অধিনায়ক ওয়ার্নারের। তবে সম্প্রতি খোয়াজা তাঁর বই ‘সবর’-এ অভিযোগ এনেছেন, বলবিকৃতি হবে দলের সবাই জানতেন। পালটা বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, খোয়াজার অভিযোগ মিথ্যা। তবে ওয়ার্নার তাঁর ওপেনিং সতীর্থের পাশেই আছেন। এবার ইনস্টাগ্রাম পোস্টে ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনা করছেন।
ওয়ার্নার লিখেছেন, ‘আমি যতদূর জানি, ২০১৮ সালের তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক কিংবা নাথান লিঁওকে জিজ্ঞাসাবাদ করেনি। যদি সেটা সত্যি হয়, তাহলে বোলাররা কিছুই জানতেন না, সিএ এমন দাবি কীভাবে করতে পারে?’ তাঁর সংযোজন, ‘মনে হচ্ছে, শুরু থেকেই সিএ ঠিক করে রেখেছিল কাদের দায়ী করা হবে। সেই উদ্দেশ্য পূরণে একটি ত্রুটিপূর্ণ তদন্ত চালানো হয়েছে। এখনও তারা এই ভুল বয়ান ধরে রাখতে চায় যে বোলাররা কিছুই জানতেন না। পুরো বিষয়টি থেকে ধামাচাপা দেওয়ার গন্ধ বের হচ্ছে।’
উল্লেখ্য, খোয়াজার বইয়ের অভিযোগের প্রেক্ষিতে প্যাট কামিন্স সাংবাদিক সম্মেলন করে বলেন, খোয়াজার এই দাবি একেবারে হাস্যকর। বল বিকৃতি হচ্ছিল, সেটা ক্রিকেটাররা কেউই জানতেন না। উসমান ১০০ শতাংশ ভুল কথা বলছেন বলেই দাবি অজি অধিনায়কের। যদিও ওয়ার্নার প্রথম থেকেই খোয়াজার পাশে দাঁড়িয়ে আগেই বলেছিলেন, “তদন্তের কাজ দ্রুত শেষ করা হয়েছিল। গোটা প্রক্রিয়াতেই ত্রুটি ছিল। খোয়াজা যা বলেছে, তার প্রত্যেকটা কথাই সত্যি। এখন সবাই প্রকৃত সত্যিটা জানতে পেরেছে।” এবার আঙুল তুললেন অজি বোর্ডের দিকেই।
শেয়ার
লিংক



