বিদেশ নয়, ভ্রমণের সেরা গন্তব্য ভারতই! বলছে রিপোর্ট, জানুন কোন জায়গাগুলি না দেখলেই নয়

পাহাড়, সমুদ্র, মরুভূমি, মালভূমি – গোটা ভারত জুড়ে কতই না বৈচিত্র্য। যা ইদানীংকালে মন টানছে পর্যটকদের। সে কারণে বিদেশ সফরের চেয়েও নাকি ভারতকেই বেড়াতে যাওয়ার গন্তব্য হিসাবে বেছে নিচ্ছেন ভ্রমণপিপাসুরা। সম্প্রতি এক রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। যার ফলে ভারতের আর্থিক পরিস্থিতির আরও উন্নতি হবে বলেই আশা।
সম্প্রতি ইন্টারন্যাশনাল ট্রাভেল ম্যাগাজিনে একটি রিপোর্ট প্রকাশিত হয়। তাতেই উল্লেখ করা হয়েছে ক্রমশ বেড়ানো এবং অবসরযাপনের সেরা ঠিকানা হয়ে উঠছে ভারত। সমীক্ষা বলছে, ২০২৭ সালে এখানে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক পাড়ি জমাতে চলেছে। ব্রাজিল, থাইল্যান্ডকেও নাকি পিছনের সারিতে ফেলে দিয়েছে ভারত। ২০২৬ সালে সেরা পর্যটনস্থল হিসাবে উঠে এসেছিল ব্রাজিলের নাম। ২০২৫ সালে থাইল্যান্ড এবং তার আগে ২০২৪ সালে কোস্টা রিকায় সবচেয়ে বেশি পর্যটক পাড়ি জমিয়েছিলেন।
ইন্টারন্যাশনাল ট্রাভেল ম্যাগাজিনের ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পর্যটকদের প্রিয় জায়গাগুলির মধ্যে অন্যতম তাজমহল। ঐতিহাসিক এই স্মৃতিসৌধ দেখতে প্রতি বছর দেশ বিদেশের বহু পর্যটক ভিড় জমান।

এছাড়া ভারতের নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠান দেখতেও বহু পর্যটক আসেন। যেমন নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল দেখতে প্রতি বছর কয়েক হাজার পর্যটক ভিড় জমান। সেখানকার স্থানীয় খাবারদাবার, ঐতিহ্যের সঙ্গে যেন মিলেমিশে একাকার হয়ে যান তাঁরা।

পর্যটকদের সেরা গন্তব্যের তালিকায় মেঘালয়, কেরল, মধ্যপ্রদেশ, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, আন্দামান রয়েছে। আবার বাংলার দার্জিলিঙে পর্যটকের সংখ্যাও নেহাত কম নয়। সারাবছর দেশের নানা প্রান্তের মানুষের আনাগোনা লেগেই থাকে সেখানে।

হিসাব বলছে, ভারতে ২০২৫ সালে কমপক্ষে ৯০ লক্ষ ১৫ হাজার বিদেশি পর্যটক বেড়াতে এসেছিলেন। আগামী ২০৪৭ সালে ১০ কোটি পর্যটক টানাই লক্ষ্য। ভারত সরকারের তরফে পর্যটনে জোয়ার আনার চেষ্টা করা হচ্ছে। তার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে দেশের।
শেয়ার
লিংক



