বিদেশে ‘শান্ত’, ১১ বছরে জঘন্যতম ওয়ানডে সিরিজ, বিশ্বকাপের আগে আর কীভাবে চিন্তা বাড়াচ্ছেন কোহলি?

একবছর পর ওয়ানডে বিশ্বকাপ। ভারতের ভাগ্য অনেকটাই নির্ভর করছে রোহিত শর্মা ও বিরাট কোহলির ফর্মের উপর। কিন্তু নিউজিল্যান্ড সিরিজ যেন সেখানে বড়সড় সমস্যার ছবি তুলে ধরল। রো-কো’র কেউই রান পাননি। অনেকে বলতে পারেন, একটা সিরিজই তো ব্যর্থ হলেন কোহলি। কিন্তু সার্বিক ছবিটা অন্যরকম। গত ৭ বছর বিদেশের মাটিতে তাঁর রানের গড় বেশ খারাপ। আর সার্বিক হিসেবে ওয়ানডে সিরিজে গত ১১ বছরের নিরিখে সবচেয়ে খারাপ।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজে কোহলি মাত্র ৮৬ রান করেছেন। আশ্চর্যের বিষয় হল, এটাই সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। প্রথম ম্যাচে ৭৪ রান করেছিলেন। তারপর আর রানের দেখা পাননি। ভারত সিরিজ জিতলেও কোহলির ব্যাটে রানের খরা দুশ্চিন্তায় রাখবে।
অথচ আগের সিরিজগুলোতে কোহলি ধারাবাহিকভাবে রান করেছেন। এই বছর দেশের মাটিতে ৬ ইনিংসে দু’টো সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি-সহ ৮১.৬০ গড়ে ৪০৮ রান করেছেন। মুশকিল হল, বিশ্বকাপ ভারতে হচ্ছে না। হবে দক্ষিণ আফ্রিকায়। ‘সেনা’ দেশগুলি অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় কোহলির পারফরম্যান্স বেশ খারাপ। গত সাত বছর ওয়ানডেতে সেঞ্চুরি নেই। এই সময়ের মধ্যে ‘সেনা’ দেশে ২১ ইনিংসে ৭০১ রান করেছেন। গড় মাত্র ৩৫.০৫। হাফসেঞ্চুরি ৯টা। চারবার শূন্য রানে আউট হয়েছেন। ৮ বার দুই সংখ্যার রানে পৌঁছননি।
সমস্যা এখানেই শেষ নয়। সিরিজের শেষ তিন ম্যাচে কোহলির রান যথাক্রমে ৭, ০, ৫। ২০১৫ সালের পর এই প্রথম তিনি টানা তিন ওয়ানডে ম্যাচে এক সংখ্যার রান করলেন। আর সিরিজের মোট রান ৮৬, কোহলির কেরিয়ারের গত ১১ বছরে অন্যতম খারাপ পরিসংখ্যান। ভারতের কোচ গৌতম গম্ভীর খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। তাতে সমর্থন করছেন কোহলিদের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও।
শেয়ার
লিংক



