পদবি শেহওয়াগ হওয়ার ‘জ্বালা’! ‘অনেক সমালোচনা সয়েছে’, ছেলের সাফল্যে গর্বিত ‘নজফগড়ের নবাব’

বাবার পরিচয় কখনও আশীর্বাদ। কখনও আবার জ্বালাও! বিশেষ করে সেই বাবা যদি হন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বীরেন্দ্র শেহওয়াগ, তাহলে প্রত্যাশার পারদ যে একটু বেশিই চড়বে, সেটাই স্বাভাবিক। মাঠে নামার পর তুলনা হবেই হবে বাবার সঙ্গে। সমালোচনার মুখেও পড়তে হবে। সেই চাপ সামলেই নিজের জাত চিনিয়েছেন আর্যবীর শেহওয়াগ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করে বুঝিয়ে দিয়েছেন, বাবার তারকাখ্যাতির ছায়া থেকে বেরিয়ে নিজ পরিচিতি তৈরি করতে পারেন।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের শিরোপা জয়ের অন্যতম নায়ক আর্যবীর। পাঁচ ম্যাচে ৯০.২৫ গড়ে করেছেন ৩৬১ রান। প্রতিযোগিতার সর্বোচ্চ রান করেছেন তিনিই। পাশাপাশি প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কারও উঠেছে তাঁর হাতে। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালেও হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত বাবা বীরেন্দ্র শেহওয়াগ। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, “আর্যবীর যে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ জয়ে অবদান রেখেছে, তাতে আমি খুব খুশি। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে ওর পারফরম্যান্স উল্লেখযোগ্য। শুধু রান করেনি, বড় রানও করেছে। এই জয়ের জন্য গোটা দলকে অভিনন্দন জানাই।”
ছেলেকে বরাবরই বড় ইনিংস খেলার পরামর্শ দিয়েছেন ‘নজফগড়ের নবাব’। তাঁর মতে, ক্রিকেটে সম্মান অর্জন করতে হলে বড় রান করার বিকল্প নেই। আর্যবীর সেটাই করে দেখিয়েছেন। শেহওয়াগের কথায়, “আমি ওকে সব সময় বলতাম, সম্মান পেতে হলে বড় রান করতে হবে। এই প্রতিযোগিতায় ও সেটাই করে দেখিয়েছে।” বাবার পরিচয়ের কারণে আর্যবীরকে যে বাড়তি সমালোচনার মুখে পড়তে হয়েছে, তা মেনে নিয়েছেন শেহওয়াগ। তিনি এ কথাও জানিয়েছেন, এশিয়া কাপে পারফরম্যান্সের পর ছেলের প্রতিভা নিয়ে আর প্রশ্ন থাকার কথা নয়। ভবিষ্যতেও তুলনা এবং সমালোচনা চলবে। কিন্তু নিজের ব্যাটিং দিয়েই তার জবাব দিতে হবে আর্যবীরকে।
শেহওয়াগ কথায়, “একজন ক্রিকেটারকে খেলতে না দেখা পর্যন্ত আমরা শুধু তার নামটাই জানি। কিন্তু সে যখন পারফর্ম করে, তখনই বুঝতে পারি তার প্রতিভা রয়েছে। আর্যবীরকেও পদবির কারণে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। ভবিষ্যতেও হয়তো সেই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তবে এখন সবাই জানে, ওর প্রতিভা রয়েছে এবং ও পারফর্ম করতে পারে। আমার বিশ্বাস, আগামী দিনে দেশবাসীর ভালবাসাই পাবে ও।” এশিয়া কাপের সাফল্য আপাতত অতীত। সামনে ঘরোয়া ক্রিকেটের চ্যালেঞ্জ। আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়ার পর এবার সেই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য আর্যবীরের।
শেয়ার
লিংক



