বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার! প্যারিসের ল্যুভরকে টেক্কা দিয়ে সেরার তালিকায় বিহার মিউজিয়াম, যাবেন নাকি?

বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার। ২০২৬ সালে বিশ্বের সেরা ১০০টি সংরক্ষণশালার মধ্যে নবম স্থানে বিহার মিউজিয়াম (Bihar Museum)। ‘ওয়ার্থ আ জার্নি’র আন্তর্জাতিক তালিকায় এশিয়ার মধ্যে প্রথম স্থান দখল করেছে এটি। পিছনে ফেলে দিয়েছে প্যারিসের ল্যুভর এবং নিউ ইয়র্কের ‘দ্য মেট’কে।
বিহারের বেইলি রোডের উপর অবস্থিত মিউজিয়ামটি প্রায় ১৩ একরের বেশি বিস্তৃত। প্রিটজকার পুরস্কারজয়ী জাপানি স্থপতি ফুমিহিকো মাকি এভং মুম্বইয়ের অপোলিস আর্কিটেক্টস যৌথভাবে নকশা করেছেন। প্রস্তর যুগ থেকে ১৭৬৪ সাল পর্যন্ত ঐতিহাসিক বিবরণ রয়েছে এই মিউজিয়ামে। এই মিউজিয়ামে বর্তমানে একটি টানেল তৈরি হচ্ছে। ১.৪ কিলোমিটার ভূগর্ভস্থ হেরিটেজ টানেলের মাধ্যমে পাটনা এবং বিহার মিউজিয়ামকে যেন এক সুতোয় বাঁধবে। তার ফলে দর্শকরা গোটা বিহারের ইতিহাস জানতে পারবেন। এছাড়া এই মিউজিয়ামে ২ হাজার ৩০০ বছরের প্রাচীন বেলেপাথরের ভাস্কর্য রয়েছে। তাছাড়া প্রাচীন কুরকিহার ব্রোঞ্জ মূর্তি, ঐতিহাসিক পাণ্ডুলিপি এবং শত বছরের পুরনো বৌদ্ধ ভাস্কর্য।
এই মিউজিয়ামে ছোটদের জন্য রয়েছে ‘চিলড্রেন্স গ্যালারি’। তাতে সহজে খেলার ছলে ইতিহাস শিখতে পারবে খুদেরা। তাছাড়া একটি রেস্তরাঁও রয়েছে। যেখানে আঞ্চলিক খাবারকে আধুনিক ধাঁচে পরিবেশন করা হয়। আপনিও চাইলে এই মিউজিয়ামটি ঘুরে দেখতে পারেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। তবে সোমবার বন্ধ। ভারতীয় পর্যটকদের জন্য প্রবেশমূল্য ১০০ টাকা এবং আন্তর্জাতিক পর্যটকদের ৫০০ টাকা টিকিট কাটতে হয়। মিউজিয়ামের ভিতরের রেস্তরাঁ খোলা থাকে রাত ৯টা পর্যন্ত।



