0%

গুজরাটে প্লাস্টিকের পাইকারি দোকানে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ১০ লক্ষ টাকার সামগ্রী

বিলিমোরা, ৭ নভেম্বর (আইএএনএস) : গুজরাটের নভসারি জেলার বিলিমোরা শহরে একটি প্লাস্টিকের পাইকারি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার গভীর রাতে বিলিমোরা আইটিআই-এর বিপরীতে অবস্থিত দোকানটিতে আগুন লাগে। ঘটনায় প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।

প্রাথমিকভাবে অনুমান, বাজির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। দোকানের পিছনে মজুত রাখা সামগ্রীতে প্রথমে আগুন লাগে। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে দোকানের ভিতরে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিকের পণ্যে। দাহ্য সামগ্রীর কারণে অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়।

আগুন ও ঘন ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা এবং আশপাশের ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন। অগ্নিনির্বাপক যন্ত্র ও জল দিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

খবর পেয়ে বিলিমোরা পুরসভার দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনা করে গানদেবী পুরসভার দমকল বাহিনীকেও ডাকা হয়। দুই দমকল বাহিনীর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন যাতে আশপাশের দোকানে ছড়িয়ে না পড়ে, সেদিকেও বিশেষ নজর রাখা হয়।

দোকানমালিকের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার পণ্য নষ্ট হয়েছে। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনও করা হয়নি। বাজির আগুন থেকে অগ্নিকাণ্ডের আশঙ্কা করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

এদিকে, শুক্রবার গভীর রাতেই দিল্লির গফর মার্কেটের একটি মোবাইল সামগ্রীর দোকানেও ভয়াবহ আগুন লাগে। চেন ওয়ালি গলির পুরি প্লাজা নামে চারতলা বাণিজ্যিক ভবনের একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ থেকে ২৫টি দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, রাত ১টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে করোলবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। তবে সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker