বাংলাদেশে ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন, আক্রান্ত আওয়ামী লীগ নেতাদের একাধিক বাড়ি

ঢাকা, ১৯ নভেম্বর : ক্রমবর্ধমান হিংসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে বাংলাদেশে ফের অগ্নিসংযোগের ঘটনা। চট্টগ্রামে বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি আওয়ামী লীগের একাধিক নেতার বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে চট্টগ্রামের পঞ্চলাইশ থানা এলাকার ওই বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত ঘরে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পঞ্চলাইশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এলাকায় টহল দেওয়ার সময় পুলিশ আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার জামতলা এলাকায় আওয়ামী লীগ নেতা ও প্রাক্তন সাংসদ একেএম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাতে একদল যুবক বাড়িটিতে হামলা চালায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউন।
স্থানীয় সূত্রের দাবি, প্রায় ১৫ থেকে ২০ জন যুবক ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে ওই বাড়ির সামনে জড়ো হয়। এরপর বাড়ির প্রধান ফটকে শামীম ওসমানের ছবি লাগিয়ে সম্পত্তির বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের দাবিতে স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ।
এছাড়াও চাঁদপুর জেলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে পৃথক ঘটনায় অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার রাতে আধঘণ্টার ব্যবধানে এই হামলা হয়।
প্রথম ঘটনাটি ঘটে রাত ৯টা নাগাদ। নতুন বাজার এলাকার কদমতলা মার্কেটে দীপু মনির পরিত্যক্ত ফ্ল্যাটের তৃতীয় তলায় ঢুকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা আইনজীবী গাজী দুলাল জানান, ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁর দাবি, ২০২৪ সালের ৫ আগস্টও ওই ফ্ল্যাটে অগ্নিসংযোগ করা হয়েছিল। সাম্প্রতিক ঘটনায় আগের হামলায় অবশিষ্ট থাকা সম্পত্তির আরও ক্ষতি হয়েছে।
এর প্রায় আধঘণ্টা পর রাত সাড়ে ৯টা নাগাদ চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ গ্রামে সুজিত রায় নন্দীর দোতলা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাত ১১টা ১৫ মিনিট নাগাদ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন চাঁদপুর দমকল বিভাগের আধিকারিক আবদুল্লাহ।
এদিকে, বুধবার সন্ধ্যায় ঢাকায় বোমা হামলায় এক মহিলা গুরুতর আহত হয়েছেন। খিলগাঁও ফ্লাইওভার থেকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা একটি ককটেল ছোড়ে বলে জানিয়েছে ঢাকা ট্রিবিউন। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আমিরুল ইসলাম জানান, বিস্ফোরণে নাসিমা বেগম নামে ৪০ বছর বয়সি এক মহিলা গুরুতর আহত হন। তিনি ওই এলাকায় একটি চায়ের দোকান চালান।
অন্যদিকে, শ্যামপুর এলাকার ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নজরুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় একজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।



