0%

ভবিষ্যৎমুখী ভারত-নেপাল অংশীদারিত্বের রূপরেখা তৈরি করলেন মোদি ও বালেন্দ্র শাহ

 

নয়াদিল্লি, ২৩ নভেম্বর : ভবিষ্যৎমুখী ভারত-নেপাল অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে যৌথ রূপরেখা তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সোমবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পরিকাঠামো, উন্নয়ন সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থা, সীমান্ত ব্যবস্থাপনা, শিক্ষা, সংস্কৃতি এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে গত আগস্টে ভোতে কোশি ও ত্রিশূলী নদী ব্যবস্থায় আকস্মিক বন্যার পর নেপালকে মানবিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বালেন্দ্র শাহ।

বিদেশ মন্ত্রকের তরফে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়েছে, দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের উপস্থাপনাও করা হয়। পাশাপাশি সফররত নেপালের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

বৈঠকে দুই নেতা ‘বিকশিত ভারত ও সমুন্নত নেপালের জন্য যৌথ দৃষ্টিভঙ্গি’ গ্রহণ করেন। এর মাধ্যমে দুই দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রে একটি সুদূরপ্রসারী রূপরেখা তৈরি হয়েছে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাণিজ্য, বিনিয়োগ, পরিকাঠামো, উন্নয়ন সহযোগিতা, যোগাযোগ, সীমান্ত ব্যবস্থাপনা, শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি জলবায়ু সহনশীলতা, দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা, ক্রীড়া, স্টার্টআপ, ডিজিটাল পরিষেবা, মহাকাশ গবেষণা এবং উদ্ভাবনের মতো ক্ষেত্রেও সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং দীর্ঘদিনের ভারত-নেপাল সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশ সচিব বিক্রম মিস্রি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ দুই দেশের শীর্ষ আধিকারিকরা।

নেপালের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, দুই প্রধানমন্ত্রীর আলোচনা ছিল বিস্তারিত ও ফলপ্রসূ। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেয়েছে।

এর আগে সোমবার দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দর্শনার্থীদের খাতায় মহাত্মা গান্ধীর জীবন, আদর্শ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সত্য, শান্তি ও অহিংসার চিরন্তন মূল্যবোধের কথা উল্লেখ করেন তিনি।

এদিন সকালে রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে নেপালের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে স্বাগত জানান। মোদির আমন্ত্রণে রবিবার দু’দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে পৌঁছন বালেন্দ্র শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ।

নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, বিদেশমন্ত্রী শিশির খানাল, প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকর-সহ ৩৫ সদস্যের সরকারি প্রতিনিধিদল। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে ৫২ সদস্যের একটি পৃথক প্রতিনিধিদলও নিজেদের খরচে এই সফরে অংশ নিয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker