মায়ের নিজের সত্যি বলার অধিকার রয়েছে: সোনিয়ার স্মৃতিকথা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী

ওয়েনাড়, ১২ নভেম্বর : তাঁর মা সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথার জোরালো সমর্থনে এগিয়ে এলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বিজেপি ও আরএসএস দীর্ঘদিন ধরে তাঁর মাকে নিয়ে মিথ্যা প্রচার এবং মনগড়া কাহিনি ছড়িয়েছে বলে অভিযোগ করে প্রিয়াঙ্কা বলেন, নিজের জীবনের সত্যি তুলে ধরার সম্পূর্ণ অধিকার তাঁর মায়ের রয়েছে। বিজেপি এখন তাঁর বই পড়ছে জেনে তিনি খুশি বলেও মন্তব্য করেন।
বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র ওয়েনাড় সফরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন, ভারতে তাঁর মায়ের প্রাপ্তবয়স্ক জীবনের অধিকাংশ সময়জুড়েই বিজেপি, আরএসএস এবং অন্যরা তাঁকে নিয়ে নানা ধরনের অভিযোগ ও সমালোচনা করেছে। তাঁর মাকে নিয়ে মিথ্যা কথা বলা হয়েছে, মনগড়া গল্প তৈরি করা হয়েছে। কিন্তু এতদিন তিনি নীরব থেকেছেন।
প্রিয়াঙ্কার কথায়, “আমার মায়ের জীবনের এতগুলো বছর ধরে বিজেপি, আরএসএস এবং আরও অনেকে তাঁর সম্পর্কে যা খুশি বলে এসেছে। তাঁরা মিথ্যা বলেছে, মনগড়া গল্প তৈরি করেছে। কিন্তু আমার মা নীরব থেকেছেন। এখন তিনি নিজের গল্প বলছেন। তাঁর সেই অধিকার রয়েছে। ভালো লাগছে যে তাঁরা তাঁর বই পড়তে প্রস্তুত হয়েছেন। এতদিন বিজেপি আমার মাকে নিয়ে মিথ্যা বলে এসেছে, আর এখন তিনি সত্যিটা তুলে ধরছেন। তাঁরা তাঁর বই পড়ছেন জেনে আমি খুশি।”
গত ১০ নভেম্বর সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশিত হওয়ার পর এই প্রথম ওয়েনাড় সফরে গেলেন প্রিয়াঙ্কা গান্ধী।
বইটিতে সোনিয়া গান্ধীর ব্যক্তিগত জীবনযাত্রা এবং ভারতীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বইটি প্রকাশের পর থেকেই কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
বিজেপির অভিযোগ, কংগ্রেসের ইতিহাসের বিতর্কিত অধ্যায়গুলি, বিশেষ করে জরুরি অবস্থা এবং ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গকে আড়াল করে নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। অন্যদিকে, নিজের দৃষ্টিভঙ্গি থেকে অতীতের ঘটনাগুলি তুলে ধরার অধিকার তাঁর রয়েছে বলে সোনিয়ার পাশে দাঁড়িয়েছে কংগ্রেস।
তিন দিনের ওয়েনাড় সফরে রয়েছেন প্রিয়াঙ্কা। এই সফরে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন এবং নিজের নির্বাচনী এলাকায় চলমান কাজকর্ম পর্যালোচনা করবেন।
বৃহস্পতিবার তিনি মানন্তাভাড়িতে পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত প্রয়াত ঐতিহ্যবাহী বীজ সংরক্ষণকারী চেরুভায়াল রামনের পরিবারের সঙ্গে দেখা করেন। এছাড়া কাম্মানা ও থ্রিসিলেরিতে দুটি স্মার্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করারও কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা উপনির্বাচনে ওয়েনাড় কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে প্রবেশ করেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর ভাই রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বরেলি আসনটি ধরে রাখার জন্য ওয়েনাড় কেন্দ্র ছেড়ে দেওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।



