0%

‘আমার রাজকন্যা…’, মেয়ের জন্মদিনে মাঠে চিরকুট সেলিব্রেশন লিটনের, শ্রীকৃষ্ণর কাছে কী প্রার্থনা?

শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি লিটন দাস (Litton Das), তৌহিদ হৃদয়ের। যার সৌজন্যে জোহানেসবার্গে প্রথম টেস্টে ৪০০ করে বাংলাদেশ। টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি পেতেই চিরকুট দেখিয়ে সেলিব্রেশন লিটনের। সেখানে সেঞ্চুরিটা উৎসর্গ করলেন মেয়ের উদ্দেশ্যে। কী লেখা ছিল সেই চিরকুটে?

চলতি বছরে দারুণ ছন্দে আছেন লিটন। চলতি বছরেই টেস্টে চারটে সেঞ্চুরি হয়ে গেল। তার মধ্যে একটি পাকিস্তানের বিরুদ্ধেও করেছেন। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে রাবাডা, জানসেনদের সামলে সেঞ্চুরি হাঁকানো নিঃসন্দেহে কঠিন কাজ। প্রথম দিন সেই কাজটা করেছিলেন তৌহিদ। তিনিও দারুণ ছন্দে আছেন। প্রথম দিনের শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই সেঞ্চুরি পান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি তাঁর প্রথম সেঞ্চুরি। তারপরই চিরকুট সেলিব্রেশন করেন। ব্যাট ও হেলমেট তুলে ধরার পর পকেট থেকে একটি কাগজ বের করেন। সেই কাগজে মেয়ের জন্য লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য…।’ ২০২৩ সালের ১৬ নভেম্বর, লিটন দাস ও সঞ্চিতা দাসের কন্যা আনাইরার জন্ম হয়। শুভদিনে নিজের সেঞ্চুরি মেয়েকে উৎসর্গ করলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার। ইনস্টাগ্রামেও মেয়ের সঙ্গে ছবি দিয়ে লিটন লিখেছেন, ‘তোমার জন্মদিনে পাশে থাকতে পারলাম না খারাপ লাগছে। কিন্তু তুমি নিশ্চয়ই জানো, বাবা তোমাকে কতটা ভালোবাসে। শ্রীকৃষ্ণ তোমাকে সুস্থ ও খুশি রাখুন। ভালো মানুষ হও।’

শেষ পর্যন্ত লিটন থামেন ১২০ করে। হৃদয়ের সঙ্গে রেকর্ড ২০৬ রানের জুটি গড়েন লিটন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যা বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ জুটির রেকর্ড। দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তৃতীয় সেঞ্চুরিয়ান লিটন। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস ৪০০ রানে শেষ হয়।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker