0%

মুক্তির এক মাস আগেই ৫০ হাজার টিকিট বিক্রি! ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে

মার্ভেল ভক্তদের উন্মাদনা যে কোন পর্যায়ে পৌঁছেছে, তার প্রমাণ মিলল অগ্রিম টিকিট বুকিংয়েই। মুক্তির এখনও এক মাস বাকি, অথচ তার আগেই টিকিট বিক্রিতে রীতিমতো ঝড় তুলেছে রুশো ব্রাদার্স পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’(Avengers: Doomsday)। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। আর বুকিং চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশজুড়ে বিক্রি হয়ে গিয়েছে ৫০ হাজারেরও বেশি টিকিট। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, অগ্রিম বুকিং থেকেই ছবির আয় ইতিমধ্যে ৩ কোটি টাকা ছাড়িয়েছে।

আগামী ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র। তবে ভারতীয় দর্শকদের জন্য সুখবর, দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে এক দিন আগেই, ১৭ ডিসেম্বর। বুকমাইশোর তথ্য অনুযায়ী, অগ্রিম বুকিং শুরু হওয়ার পর থেকে প্রতি ঘণ্টায় প্রায় ১০ হাজার টিকিট বিক্রি হয়েছে। মুম্বইয়ের পিভিআর আইকন, ফিনিক্স প্যালাডিয়ামে ইনফিনিটি ভিশন থ্রিডি ফরম্যাটে রিক্লাইনার আসনের দাম ১,৯৯০ টাকা। কিন্তু চড়া দামও দমাতে পারেনি মার্ভেলপ্রেমীদের। মুক্তির দিন থেকে প্রথম রবিবার, ২০ ডিসেম্বর পর্যন্ত সন্ধ্যা ও রাতের শোগুলির বহু আসন ইতিমধ্যেই পূর্ণ।

ভারতে হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি। তবে আপাতত ইংরেজি এবং কয়েকটি হিন্দি শোরই অগ্রিম বুকিং শুরু হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, এবার আইম্যাক্স ফরম্যাটে দেখা যাবে না মার্ভেলের এই মেগা ছবি। তার পরিবর্তে দর্শকদের জন্য থাকছে বিশেষ ‘ইনফিনিটি ভিশন’ ও ‘ইনফিনিটি ভিশন থ্রিডি’ ফরম্যাট।

আরও পড়ুন: নেপোটিজমের সুবিধা পেয়েছি, অস্বীকারের জায়গা নেই! অকপট স্বীকারোক্তি অনন্যা পাণ্ডের

কী এই ইনফিনিটি ভিশন?

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র সঙ্গে একই সময়ে মুক্তি পাচ্ছে ডেনিস ভিলনুভ পরিচালিত ‘ডুন: পার্ট থ্রি’। আগে থেকেই ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে চুক্তি থাকায় আইম্যাক্স স্ক্রিন পেয়েছে ‘ডুন: পার্ট থ্রি’। ফলে বিকল্প হিসেবে মার্ভেল নিয়ে এসেছে ‘ইনফিনিটি ভিশন’। এই বিশেষ ফরম্যাটে ছবি দেখানোর জন্য প্রেক্ষাগৃহের স্ক্রিনের প্রস্থ অন্তত ৪৫ ফুট, উন্নতমানের শব্দব্যবস্থা এবং নির্দিষ্ট প্রোজেকশন মান বজায় রাখা বাধ্যতামূলক। যদিও প্রযুক্তিগত দিক থেকে এটি আইম্যাক্সের সমতুল্য নয়, তবুও বড় পর্দায় ছবি দেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলাই এর উদ্দেশ্য।

আরও  পড়ুন: ‘হিন্দুস্তান কারও একার সম্পত্তি নয়’, ইন্দোরে মঞ্চে উঠে কড়া বার্তা দিলজিতের

ডুমসডের আগে বড় পর্দায় ফিরছে স্পাইডার-ম্যান

মার্ভেলপ্রেমীদের জন্য রয়েছে আরও এক সুখবর। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র ভারতীয় মুক্তির ১৩ দিন আগে, ৪ ডিসেম্বর ফের প্রেক্ষাগৃহে ফিরছে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। নতুন দৃশ্য-সহ ছবিটির বর্ধিত সংস্করণ মুক্তি পাবে। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে অগ্রিম টিকিট বুকিং।

এদিকে বুকমাইশোর তথ্য অনুযায়ী, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩০ মিনিট। ছবির অন্যতম বড় আকর্ষণ রবার্ট ডাউনি জুনিয়রের প্রত্যাবর্তন। তবে এবার আর আয়রন ম্যান হিসেবে নয়, বরং প্রধান খলনায়ক ডক্টর ডুমের ভূমিকায় দেখা যাবে তাঁকে। পাশাপাশি ফিরছেন ক্রিস ইভান্স, ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফালো এবং জেরেমি রেনার।

আরও পড়ুন: বিহারের ছট উৎসবে মৌনী রায়, দিঘা ঘাটে অভিনেত্রীর পুজোর মুহূর্ত ভাইরাল

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker