বাংলাদেশে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ২৪৭টি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি মানবাধিকার সংগঠনের

প্যারিস, ২৩ নভেম্বর : বাংলাদেশে আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকদের সঙ্গে যুক্ত অন্তত ২৪৭টি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠল। এই ঘটনায় ক্ষমতাসীন বিএনপি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)।
সংগঠনটির দাবি, সংবাদমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে তারা জানিয়েছে, ২০২৬ সালের ১৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে বাংলাদেশের ২২টি জেলার ৩৩টি এলাকায় এই হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। গত ১৮ নভেম্বর সংসদ অধিবেশনের সমাপ্তি ভাষণে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করার পাশাপাশি সাধারণ মানুষকে তাদের ‘দাঁত ভেঙে দেওয়ার’ আহ্বান জানানোর বিষয়টি উদ্বেগজনক বলে জানিয়েছে জেএমবিএফ।
মানবাধিকার সংগঠনটির দাবি, প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার ঘটনা আরও বেড়েছে।
জেএমবিএফ প্রধানমন্ত্রীর কাছে প্রকাশ্যে এই হামলার নিন্দা জানানো, প্রতিশোধমূলক হিংসা প্রত্যাখ্যান করা এবং রাজনৈতিক পরিচয়ের কারণে হুমকির মুখে থাকা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়ার দাবি জানিয়েছে।
গত বছর একটি ‘অসাংবিধানিক নির্বাহী আদেশের’ মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর জারি করা নিষেধাজ্ঞারও সমালোচনা করেছে সংগঠনটি। অবিলম্বে ওই আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে তাদের বক্তব্য, এই নিষেধাজ্ঞা বাংলাদেশের সংবিধান, সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত সংগঠন গঠন, শান্তিপূর্ণ সমাবেশ এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার লঙ্ঘন করছে।
বাংলাদেশে ক্রমবর্ধমান হিংসার পরিস্থিতি তুলে ধরে জেএমবিএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহানুর ইসলাম বলেন, “পটুয়াখালীতে এক মা তাঁর ১৮ মাসের সন্তানকে নিয়ে পালাতে বাধ্য হয়েছেন। কালিয়ায় বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে এবং ছাত্রছাত্রীরা বইপত্র হারিয়েছে। রাজনৈতিক পরিচয়ের কারণে কারও নিজের বাড়ি কিংবা জীবিকা হারানোর আশঙ্কায় থাকা উচিত নয়।”
তিনি আরও বলেন, “সরকারের দায়িত্ব ঝুঁকির মুখে থাকা মানুষদের সুরক্ষা দেওয়া, এই হামলার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং দোষীদের জবাবদিহির আওতায় আনা। পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা নির্বাহী আদেশ প্রত্যাহার করতে হবে এবং দলের সদস্য ও সমর্থকদের সংগঠিত হওয়া, শান্তিপূর্ণ সমাবেশ করা ও জনজীবনে অংশগ্রহণের অধিকার রক্ষা করতে হবে।”
জেএমবিএফ প্রশাসনের কাছে অবিলম্বে ঝুঁকির মুখে থাকা পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিশ্চিত করা, হুমকির ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের নিরাপদে অভিযোগ জানানোর ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে।
এছাড়া রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ, রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর, ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলির কাছেও পরিস্থিতির উপর নজরদারি এবং বাংলাদেশ সরকারের উপর প্রয়োজনীয় পদক্ষেপের জন্য চাপ তৈরির আবেদন জানিয়েছে সংগঠনটি।



