অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নিজস্ব প্রতিনিধিঃ সঠিক বাসনপত্র বা কুকওয়্যার বেছে নেওয়া কেবল রান্নাঘরের সৌন্দর্য বা সুবিধার বিষয় নয়। এটি খাবারের স্বাদ, রান্নার মান এবং প্রতিদিনের পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর সরাসরি প্রভাব ফেলে। ভারতীয় রান্নাঘরে রোজকার ঝোল, ধোসা, রুটি থেকে শুরু করে ছাঁকা তেলে ভাজাভুজি নানা ধরনের পদ তৈরি হয়। তাই সব কাজের জন্য একটিমাত্র উপাদানের পাত্র কখনোই যথেষ্ট নয়। জেনে নিন কীভাবে বেছে নেবেন রান্নার আদর্শ বাসন।
ননস্টিক কুকওয়্যার
কম বা মাঝারি আঁচে প্রতিদিনের রান্নার জন্য ননস্টিক পাত্র খুবই উপযোগী। ধোসা, অমলেট,প্যানকেক এমন খাবার তৈরিতে এটি দারুণ কাজ করে। এতে তেলও খুব কম লাগে। তবে ননস্টিক প্যান কখনোই খুব বেশি আঁচে বা দীর্ঘক্ষণ খালি অবস্থায় গরম করা উচিত নয়, কারণ অতিরিক্ত তাপে এর কোটিং নষ্ট হয়ে যায়।
স্টেইনলেস স্টিল কুকওয়্যার
ভারতীয় রান্নাঘরের অন্যতম বহুমুখী পাত্র হলো স্টেইনলেস স্টিল। সেদ্ধ করা, হালকা ভাজা, ঝোল বা গ্রেভি তৈরি এবং ভাত রান্নার জন্য এটি আদর্শ। এটি উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে এবং এতে কোনো কৃত্রিম কোটিং না থাকায় তা উঠে যাওয়ার ভয় থাকে না। খাবারে সুন্দর বাদামী রঙ ও গভীর স্বাদ আনতে স্টিলের পাত্র দারুণ কার্যকর।
কাস্ট আয়রন কুকওয়্যার
যেসব রান্নায় দীর্ঘক্ষণ সমান তাপ ধরে রাখার প্রয়োজন হয়, তার জন্য কাস্ট আয়রন বা ঢালাই লোহার পাত্র সেরা। ধোসা, রুটি, পরোটা, হালকা ভাজা এবং ঢিমে আঁচে রান্নার জন্য এটি অত্যন্ত উপযোগী। সঠিকভাবে ‘সিজনিং’ করা হলে কাস্ট আয়রনে প্রাকৃতিকভাবেই ননস্টিক স্তর তৈরি হয়। এটি তাপ সমানভাবে ছড়িয়ে দেয় এবং ধরে রাখে।
কোনটি বেছে নেবেন?
কেবল একটি উপাদানের পাত্রে পুরো রান্নাঘর না সাজিয়ে বরং তিনটি উপাদানের পাত্রের সমন্বয় রাখা উচিত। প্রতিদিনের সাধারণ রান্নার জন্য স্টেইনলেস স্টিল, কম তেলে ও সাবধানে রান্নার জন্য ননস্টিক এবং বেশি আঁচে বা ঐতিহ্যবাহী পদের জন্য কাস্ট আয়রন ব্যবহার করতে পারেন। আপনার রান্নার ধরন এবং পাত্রের সঠিক যত্ন নেওয়ার ওপরই নির্ভর করে কোন কুকওয়্যারটি আপনার জন্য সেরা হবে।



