৩ মাস ধরে খোঁজ নেই শর্মিষ্ঠার! ফেসবুক পোস্টে কাতর আর্তি মুকুল-পুত্র শুভ্রাংশুর

SOBDIK NEWS: নেপাল বিপর্যয়ের পর থেকে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ। মাঝে প্রায় তিন মাস কেটে গেলেও খোঁজ নেই শর্মিষ্ঠা রায়ের (Sarmistha Roy)। তবে মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের (Subhranshu Roy) এখনও বিশ্বাস, স্ত্রী অক্ষত আছেন। সেই কারণে ফের একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর সন্ধান চাইলেন তিনি।
শর্মিষ্ঠাকে নিয়ে নতুন পোস্ট শুভ্রাংশুর | (Sarmistha Roy)
মঙ্গলবার সকালে স্ত্রীকে নিয়ে একটি পোস্ট করেন মুকুল-পুত্র। সেখানে একপাশে জ্বলজ্বল করছে শর্মিষ্ঠার ছবি। অন্যদিকে লেখা, তাঁকে শেষ কবে, কোথায় দেখা গিয়েছে। কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে গিয়েছিলেন, কোথায় শেষবারের মতো ছিলেন সেই সংক্রান্ত তথ্যও উল্লেখ করা আছে।
শুভ্রাংশু জানান, চলো যাই নামে একটি ভারতীয় ভ্রমণ সংস্থার সঙ্গে মাউন্ট কৈলাস ঘুরতে গিয়েছিলেন শর্মিষ্ঠা। তাঁকে গত ২৬ অগাস্ট সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ শেষবারের মতো দেখা গিয়েছিল। কেউ তাঁর কোনও খোঁজ পেলে ফোন করে জানানোর আবেদন জানানো হয়েছে। এর জন্য নিজের পোস্টে একটি ফোন নম্বরও শেয়ার করেছেন মুকুল-পুত্র।
আরও পড়ুনঃ শীতের কলকাতায় মেগা আয়োজন! ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের ঘোষণা মুখ্যমন্ত্রীর
নেপাল বিপর্যয়ের পর থেকে শর্মিষ্ঠাকে নিয়ে একাধিক পোস্ট করেছেন শুভ্রাংশু। দু’দিন আগেও তাঁর সন্ধান চেয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। এবার ফের একবার নিখোঁজ স্ত্রীকে নিয়ে আরও একটি পোস্ট করলেন মুকুল-পুত্র।
গত ২১ অগাস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা। পরিবার সূত্রে জানা গিয়েছিল, গত ২৫ অগাস্ট রাতে তাঁর সঙ্গে শেষবারের মতো কথা হয় স্বামী শুভ্রাংশুর। ২৬ অগাস্ট নেপালে হড়পা বানের পর থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা যায়নি।
এরপর দেখতে দেখতে প্রায় তিন মাস কেটে গেলেও শর্মিষ্ঠার অপেক্ষায় দিন গুনছে রায় পরিবার। ফের একবার নিখোঁজ স্ত্রীর সন্ধান চেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানালেন শুভ্রাংশু। সেখানে অনেকেই শর্মিষ্ঠার ফিরে আসার প্রার্থনা করেছেন।



