প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সরকারি বাসভবন বরাদ্দে বিলম্ব নিয়ে প্রশ্ন গেহলটের, মোদির হস্তক্ষেপ দাবি

জয়পুর, ১৭ নভেম্বর : প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের জন্য এখনও সরকারি বাসভবন বরাদ্দ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থা না হওয়াকে অনভিপ্রেত বলে উল্লেখ করে গেহলট বলেন, এটি একটি সাংবিধানিক পদের মর্যাদার পরিপন্থী।
গেহলটের বক্তব্য, কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর অথবা পদত্যাগ করলে একজন প্রাক্তন উপরাষ্ট্রপতি টাইপ-৮ শ্রেণির সরকারি বাংলো পাওয়ার অধিকারী। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ধনখড়ের জন্য এখনও কোনও সরকারি বাসভবনের ব্যবস্থা করা হয়নি।
তিনি বলেন, “তিনি কোথায় থাকবেন? বর্তমানে তিনি এক বন্ধুর ফার্মহাউসে রয়েছেন। বিষয়টি একেবারেই উপযুক্ত নয়।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করে কংগ্রেস নেতা বলেন, প্রাক্তন উপরাষ্ট্রপতির পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁর আবাসনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
গেহলট আরও বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীরা প্রায়ই বিদেশি বিশিষ্ট ব্যক্তিত্ব, ভারতীয় প্রবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের জন্য উপযুক্ত সরকারি বাসভবন না থাকলে উচ্চ সাংবিধানিক পদগুলির সঙ্গে যুক্ত মর্যাদা ও শিষ্টাচারের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠতে পারে।
তিনি উল্লেখ করেন, উপরাষ্ট্রপতি হওয়ার আগে সরকার জগদীপ ধনখড়কে রাজ্যপালের দায়িত্বও দিয়েছিল।
রাজ্যসভার চেয়ারম্যান থাকাকালীন ধনখড়ের ভূমিকা এবং বিরোধী সদস্যদের সঙ্গে তাঁর আচরণ নিয়ে বিরোধীদের মতপার্থক্য থাকলেও, কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর তাঁর আবাসন সংক্রান্ত বিষয়টিকে সম্পূর্ণ আলাদাভাবে দেখা উচিত বলে মন্তব্য করেন গেহলট।
ধনখড়ের সঙ্গে নিজের কথোপকথনের প্রসঙ্গ তুলে গেহলট জানান, প্রাক্তন উপরাষ্ট্রপতি তাঁকে জানিয়েছেন, সরকারি বাসভবন বরাদ্দের বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও যোগাযোগ করা হয়নি।
গেহলটের কথায়, “টাইপ-৮, টাইপ-৭ অথবা অন্য কোনও শ্রেণির বাসভবন তাঁকে দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনও প্রস্তাব বা আলোচনা হয়নি।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দ্রুত হস্তক্ষেপ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে গেহলট বলেন, প্রাক্তন উপরাষ্ট্রপতির পদটি বিশেষ মর্যাদার অধিকারী এবং সেই মর্যাদার প্রতি যথাযথ সম্মান দেখানো প্রয়োজন।
–আইএএনএস



