0%

জল্পনাতেই সিলমোহর! আইপিএলে নয়া টিমে খেলবেন শামি, কমল বেতনও

জল্পনাতেই সিলমোহর। আইপিএলের পরের মরশুমে (IPL 2027) নতুন টিমের জার্সি পরবেন মহম্মদ শামি। তাঁকে ট্রেড করে দিল লখনউ সুপার জায়ান্টস। এলএসজি ছেড়ে রাজস্থান রয়‍্যালসে যোগ দিলেন সদ্য টেস্ট থেকে অবসর নেওয়া ভারতীয় পেসার। শামির সঙ্গে তামিলনাড়ুর স্পিনার এম সিদ্ধার্থও যাচ্ছেন রাজস্থান রয়্যালসে। বদলে লখনউ পাচ্ছে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে।

গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদ থেকে লখনউয়ে আসেন শামি। ১৩ ম্যাচে ১২ উইকেট তোলেন। ইকোনমি ছিল ৯। বেশ সাদামাটা পারফরম্যান্স। একবছরেই মোহভঙ্গ হতে চলেছে লখনউয়ের। আগের মরশুমে শামি পেয়েছিলেন ১০ কোটি টাকা। এবার তাঁর বেতন খানিকটা কমছে। এবার তিনি রাজস্থানের হয়ে খেলবেন ৮ কোটিতে। সেই সঙ্গে লখনউ থেকে রাজস্থানে যাচ্ছেন বাঁহাতি স্পিনার এম সিদ্ধার্থও। তিনি আগের মতোই ৭৫ লক্ষ টাকা বেতন পাবেন। অন্যদিকে স্যাম কারান যাচ্ছেন এলএসজি-তে। তিনি আগের মরশুমের মতোই ২.৪ কোটি টাকা বেতন পাবেন।

জাতীয় নির্বাচকরা দীর্ঘদিন ব্রাত্য করে রাখার পর সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন শামি। দু’টো মাত্র ফর্ম্যাট এখন খেলেন তিনি। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি। ২০২৬ আইপিএলে লখনউয়ের হয়ে খেলেছিলেন শামি। তবে তাঁর বোলিং পরিসংখ্যান দারুণ কিছু আহামরি ছিল না। ১৩-টা ম্যাচ খেলে ১২-টা উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসার। ওভার পিছু ন’রানের ইকোনমি রেখে। গত আইপিএলে চূড়ান্ত দুর্দশাজনক অবস্থায় শেষ করে লখনউ। পয়েন্ট টেবলে সবার শেষে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ছত্রিশে পা দিয়েছেন সামি। তবে তিনি যে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে এখনও ভয়ঙ্কর, তা নানা সময়ে বুঝিয়ে দিয়েছেন। গত আইপিএলেই নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুর্ধর্ষ একটা স্পেল করেছিলেন শামি। চার ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে দু’উইকেট তুলে নেন তিনি। সেই ম্যাচে নিজের প্রথম দু’ওভারে দুই ভয়ঙ্কর সানরাইজার্স ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডকে তুলে নিয়েছিলেন তিনি।

শামির ‘ট্রেড’ রফা চূড়ান্ত হয়ে যাওয়ায় রাজস্থানের পেস বিভাগ রীতিমতো শক্তিশালী হয়ে গেল। রাজস্থানে আগে থেকেই রয়েছেন জোফ্রা আর্চার। যিনি ভয়াল গতির জন্য বিখ্যাত। তাঁর সঙ্গে শামি জুটি বাঁধলে অনেক টিমেরই যে রাতের ঘুম উড়ে যাবে, বলাই বাহুল্য। লখনউ আবার কারানের চতুর্থ ফ্র্যাঞ্চাইজি হবে। রাজস্থান ছাড়া অতীতে পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। লখনউয়ে কারান পেয়ে যাবেন তাঁর ‘মেন্টর’ টম মুডিকে। যিনি এই মুহূর্তে টিমের গ্লোবাল ডিরেক্টর অফ ক্রিকেট। লখনউয়ে কারান দলের পয়লা নম্বর অলরাউন্ডার তো হবেন বটেই, অধিনায়কত্বের দৌড়েও থাকতে পারেন। কারণ, পন্থ চলে যাওয়ায় লখনউয়ের অধিনায়ক কে হবেন, নিশ্চিত নয়।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker