যুব অলিম্পিকে ফের ইতিহাস! মণিপুরি তরুণের পর প্রথম মহিলা বক্সার হিসাবে সোনা গুঞ্জনের

বক্সিং রিংয়ে একের পর এক সাফল্য। ডাকার যুব অলিম্পিকে ভারতীয় বক্সারদের সোনার দৌড় অব্যাহত। মণিপুরি তরুণের পর নতুন ইতিহাস হরিয়ানার গুঞ্জনের। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে আলজেরিয়ার বৌথাইনা বেনসালাহকে হারিয়ে সোনা ১৭ বছরের ভারতীয় বক্সারের। তার হাত ধরে যুব অলিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে সোনার পদক জিতলেন তিনি।
গুঞ্জনের এই সাফল্যের কয়েক ঘণ্টা আগেই ইতিহাস গড়েছিলেন লাইরেনলাকপাম আম্বেকর মিতেই। পুরুষদের ৫০ কেজি বিভাগের ফাইনালে আয়ারল্যান্ডের ক্রিশ্চিয়ান জুবানিকে হারিয়ে যুব অলিম্পিকে ভারতের প্রথম বক্সিং সোনা জিতেছিলেন তিনি। এবার সোনা জিতলেন গুঞ্জন। যুব অলিম্পিকে ভারতের প্রথম মহিলা বক্সিং পদকজয়ীও তিনি। ফাইনালে তাঁর দাপট ছিল দেখার মতো। তিনটি রাউন্ডেই পাঁচ বিচারকের সর্বসম্মত রায় পেয়েছেন তিনি। প্রতিটি রাউন্ডে স্কোর ছিল ৩০-২৭। অর্থাৎ, তিন রাউন্ডেই প্রতিপক্ষের বিরুদ্ধে ১০-৯ ব্যবধানে এগিয়ে ছিলেন ভারতীয় বক্সার। শুরু থেকেই লড়াইয়ের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিলেন গুঞ্জন। শেষ পর্যন্ত নিশ্চিত করেন সোনার পদক।
GOLD FOR GUNJAN! 🔥🥇 Gunjan (48kg) strikes gold at the Youth Olympic Games 2026, taking India’s gold medal tally to TWO! Another golden moment for India. 🇮🇳 #IndianBoxing #YouthOlympicGames https://t.co/EySr26Msyh
— Boxing Federation (@BFI_official) November 12, 2026
ডাকারে সোনার মঞ্চে পৌঁছনোর আগে অবশ্য কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত ২০২৬ বিশ্ব বক্সিং ফিউচার্স কাপ ছিল যুব অলিম্পিকের যোগ্যতাঅর্জন পর্ব। সেই প্রতিযোগিতার সেমিফাইনালে উত্তর কোরিয়ার ইউ গিয়ং কিমকে ৫-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিলেন গুঞ্জন। যদিও ফাইনালে ইংল্যান্ডের লিলি বাসেটের কাছে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। তবে সেই ফলাফলই খুলে দিয়েছিল যুব অলিম্পিকের দরজা।
ডাকারে প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর ১০ নভেম্বর কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর আতেনা সোফিয়া জুয়ারেজ কালেরোকে ৫-০ ব্যবধানে হারান গুঞ্জন। তাতেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে যায়। পরের দিন সেমিফাইনালে আবার সামনে সেই লিলি বাসেট। ব্যাংককের ফাইনালের হারের জবাব এবার দিলেন ভারতীয় বক্সার। ব্রিটিশ প্রতিপক্ষকে ৪-১ ব্যবধানে হারিয়ে পৌঁছে যান সোনার লড়াইয়ে। ফাইনালে বেনসালাহও কল্কে পাননি গুঞ্জনের সামনে।
GUNJAN MAKES HISTORY WITH YOUTH OLYMPICS BOXING GOLD Gunjan has created history by becoming the first Indian woman to win a boxing gold medal at the Youth Olympics. #Gunjan #YouthOlympics #IndianBoxing #TeamIndia #GoldMedal #BreakingNews https://t.co/ggxjzTpg51
— Diganta Guha (@diganta_guha) November 12, 2026
গুঞ্জনের সোনার পদকে ডাকার যুব অলিম্পিকে ভারতের পদকসংখ্যা বেড়ে হল ১১। এর মধ্যে তিনটি সোনা, তিনটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ। অশ্বারোহণে শ্রেষ্ঠ রাজু মান্তেনা এবং বক্সিংয়ে আম্বেকরের পর ভারতের তৃতীয় সোনা এল গুঞ্জনের হাত ধরে। প্রসঙ্গত, রুপো জিতেছেন খুশবু রাজকভাই দরজাদা (জুডো), তানিয়া (বিচ রেসলিং) এবং তন্বী পাত্রী (ব্যাডমিন্টন)। ব্রোঞ্জ পেয়েছেন সাঁতারে ধিনিধি দেশিংহু (দু’টি পদক) ও তীর্থঙ্ক পেগু, অ্যাথলেটিক্সে শৌর্য আম্বুরে এবং উশুতে রাজকুমারী লানচেনবি চানু।
শেয়ার
লিংক



