0%

কাজের চাপে দম আটকে আসছে? পাহাড় বা সমুদ্র নয়, মনকে শান্ত করতে ‘ফরেস্ট বাথিং’ করুন

ব্যস্ত জীবন। রোজকার দৌড়। হাঁফওঠা সময়। কংক্রিটের জঙ্গল আর স্ক্রিনের নীল আলোয় বন্দি জীবন। কাজের ফাঁকে একটু শ্বাস নেওয়ার ফুরসত নেই কারওরই। কিন্তু ঘড়ির কাঁটার সঙ্গে এই ছুটতে থাকা ক্লান্তি যখন চরমে পৌঁছোয়, তখন ক’দিনের জন্য কোথাও না গেলেই নয়। নিজেকে সময় দেওয়ার, সামলাবার প্রয়োজন আছে বইকি! তবে, পাহাড় কিংবা ঘন অরণ্যে সপ্তাহের ছুটি কাটানোর ফুরসত তো সবার থাকে না। তাই, ব্যস্ততার ভিড়েই একটুখানি সবুজে ডুব দিয়ে অবসাদ ঝরানোর নয়া পন্থা ‘ফরেস্ট বাথিং’।

ছবি: সংগৃহীত

কী এই ফরেস্ট বাথিং?
সারাদিন মাথার মধ্যে ঘুরে মরছে অফিসের ডেডলাইন, ইমেল আর সংসারের হাজারো হিসাব। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আর বর্তমানের যান্ত্রিকতা মানুষকে আজ খাঁচাবন্দি করে ফেলেছে। এই অস্বস্তি থেকে মুক্তি দিতেই আশির দশকে জাপানে শুরু হয়েছিল এক অভিনব চর্চা। ১৯৮২ সালে জাপানের ফরেস্ট্রি এজেন্সি প্রথম ‘শিনরিন-ইয়োকু’ বা ফরেস্ট বাথিংয়ের ধারণা আনে। জাপানি ভাষায় এর অর্থ বনের জলে স্নান। তবে এখানে জলের ছিটেফোঁটাও নেই। রয়েছে কেবল গাছের ছায়া, পাতার মর্মর। আর বুনো মাটির সুবাস।

কীভাবে কাজ করে এই থেরাপি?
ফরেস্ট বাথিং মানে কিন্তু কোনও কঠিন পাহাড়ি ট্র্যাকিং বা ফিটনেস এক্সারসাইজ নয়। এর মূল শর্ত হল সমস্ত ডিভাইসের নাগাল থেকে দূরে থাকা। পকেটের মোবাইল ফোনটা বন্ধ করে বা বাড়িতে রেখেই এই পথে হাঁটতে হয়। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মতে, প্রকৃতির দৃশ্য, শব্দ আর গন্ধের এই সচেতন অভিজ্ঞতা মানুষের মনের সমস্ত স্ট্রেস এক নিমেষে ধুয়ে মুছে দিতে পারে। এতে মন শান্ত হয়। চিন্তাগুলো পরিষ্কার হতে শুরু করে।

ছবি: সংগৃহীত

ইন্দ্রিয়ের দরজায় কড়া নাড়ে প্রকৃতি
কাছাকাছি কোনও পার্ক, লেকধারের চত্বর কিংবা বড় গাছঘেরা কোনও শান্ত রাস্তা বেছে নিন। এবার আস্তে আস্তে পা ফেলুন সেখানে। দ্রুত হাঁটার কোনও প্রয়োজন নেই। পাতার ফাঁক দিয়ে নেমে আসা রোদের ঝিলিক দেখুন। মাটির গন্ধ বুক ভরে নিন। গাছের পাতায় হাওয়ার মৃদু আওয়াজ শুনুন। প্রকৃতির এই ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো যখন আপনার সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করবেন, তখন দেখবেন ভেতর থেকে কেমন এক হালকা অনুভূতি ঘিরে ধরেছে আপনাকে।

ছবি: সংগৃহীত

ব্যস্ত শহরের বুকে এক টুকরো অরণ্য
ছুটি নিয়ে দূরে কোথাও যাওয়ার কোনও দরকার নেই। বাড়ির কাছের কোনও গাছের তলায় কয়েকটা মিনিট চুপ করে বসে থাকুন। কোনও লক্ষ্য নেই, গন্তব্যও নেই। শুধু সময়ের হিসেব ভুলে প্রকৃতির কোলে নিজেকে সমর্পণ করা। এই সহজ অভ্যাসটিই আপনার ভেতরের আধ্যাত্মিক সংযোগকে জাগিয়ে তোলে। জীবনকে নতুনভাবে দেখতে শেখায়। একটু সময় বের করে আজই কি তবে পা বাড়াবেন কাছের সেই চিরসবুজ গাছের ছায়ার দিকে?

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker