ভারতের গণতন্ত্র নিয়ে ‘জ্ঞান’ দিচ্ছেন! ভোট চুরি স্লোগান দেওয়া ইটালিয়ান নেতাকে তোপ মেলোনির ‘দলে’র

ভারতে এসে ভোট চুরি নিয়ে ভরা মঞ্চে স্লোগান দিচ্ছেন ইটালির রাজনৈতিক নেতা। এহেন আচরণের তুমুল নিন্দা করলেন সেদেশের লেজিসলেটর ডেবোরা বেরগামিনি। প্রসঙ্গত, জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ইটালি সরকারের শরিক ফোরজা ইটালিয়া দলের জনপ্রতিনিধি এই ডেবোরা। মেলোনির আমলে ভারত এবং ইটালির দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট মজবুত। তার মধ্যে পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস-এর সেক্রেটারি জেনারেল গিয়াকোমো ফিলিবেকের মন্তব্যে অস্বস্তি বেড়েছে ইটালির রাজনৈতিক মহলে।
শনিবার তেলেঙ্গানার কংগ্রেস সরকার আয়োজিত ‘ভারত সম্মেলন’-এ ফিলিবেক স্লোগান তোলেন ‘ভোট চোর, গদি ছোড়’। সে সময়ে মঞ্চে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। ওই সম্মেলনে ফিলিবেক দাবি করেন যে ভারতে গণতন্ত্র আক্রান্ত। তিনি গণতন্ত্র রক্ষায় রাহুল গান্ধী ও কংগ্রেসের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মঞ্চে ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগানও তোলেন। তিনি বলেন, “ভারতে গণতন্ত্র আক্রমণের শিকার এবং আমাদের একে রক্ষা করতে হবে। আর একে রক্ষা করার সর্বোত্তম উপায় হলো রাহুল গান্ধী এবং কংগ্রেস পার্টির পাশে দাঁড়ানো।”
ইতিমধ্যেই এই রাজনৈতিক নেতার মন্তব্যকে তুলোধোনা শুরু করেছে বিজেপি। অমিত শাহ থেকে কিরেণ রিজিজু-কেন্দ্রীয় মন্ত্রীরা একযোগে সরব হয়েছেন। তাঁদের তোপ, ভারতের মাটিতে দাঁড়িয়ে এক বিদেশি নাগরিক ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন, ভারতের বদনাম করছেন কিন্তু রাহুল গান্ধী সেই কথার প্রতিবাদ করেননি। বরং ওই কথা শুনে হেসেছেন। কেন দেশের বদনাম সহ্য করেছেন রাহুল, এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। কিন্তু ফিলিবেকের বিষয়ে কিছু বলা হয়নি দলের তরফে।
কিন্তু এবার নিজের দেশেই নিন্দিত হলেন ফিলিবেক। ফেসবুকে ক্ষোভ উগরে দিয়ে ইটালির সাংসদ ডেবোরা লিখেছেন, ‘ভারতের নিজস্ব রাজনৈতিক সংস্থা রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে। কোনও সমস্যা দেখা দিলে গণতান্ত্রিক নিয়ম মেনেই তা সমাধান করা উচিত। আমরা ইউরোপীয়রা ভারতকে গণতন্ত্র নিয়ে জ্ঞান দিতে পারি না কারণ ভারতে ৯৭ কোটি নাগরিক ভোট দেন।’ অর্থাৎ নাম না করে একদিকে যেমন ফিলিবেককে তোপ দেগেছেন, তেমনি কংগ্রেসের অনুষ্ঠানটির দিকেও আঙুল তুলেছেন ডেবোরা। মনে করিয়ে দিয়েছেন, গণতান্ত্রিক উপায়েই সমস্যা মেটানো দরকার।
শেয়ার
লিংক



