0%

সিরাজ-জাদেজাকে বসানোর ফল? বুমরাহর লড়াই সত্ত্বেও ওয়েলিংটনে প্রথম দিনেই চাপে ভারত

নিউজিল্যান্ড: ২৪৩-৫ (নিকোলস ১১৩, গ্লেন ফিলিপস ৯৪, বুমরাহ ৩-৫২, আকাশ দীপ ১-৩৩)

দল নির্বাচনের সময়ই কি ভুলটা করে ফেলেছিল ভারত? যার খেসারত দিতে হল ওয়েলিংটন টেস্টের প্রথম দিন। শুরুটা অনবদ্য করার পরও প্রথম দিনের শেষে যা পরিস্থিতি তাতে টিম ইন্ডিয়া শুধু চাপে নয়, বেশ চাপে। দিনের শেষে কিইয়িদের স্কোর ৫ উইকেটে ২৪৩। ক্রিজে দুই সেট কিউয়ি ব্যাটার। যা পরিস্থিতি তাতে দ্বিতীয় দিন নিউজিল্যান্ড যদি ভারতের সামনে রানের পাহাড় গড়ে দেয়, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না।

ওয়েলিংটন টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। উদ্দেশ্য ছিল সবুজ পিচে শুরুতে নতুন বলে কিউয়ি ব্যাটিং অর্ডারকে তছনছ করে দেওয়া। উদ্দেশ্য মোটেই মন্দ ছিল না। কিন্তু হাতে অস্ত্র কই। একা জশপ্রীত বুমরাহ। নতুন বলে তিনি রীতিমতো ভয় ধরালেন কিইয়ি শিবিরে। মাত্র ৫২ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৪ উইকেট পড়ল। ৭০ রানের মধ্যে পাঁচটি। তিনটিই পেলেন বুমরাহ। একটি করে উইকেট তুললেন অংশুল কম্বোজ এবং আকাশদীপ। লেথাম, রবীন্দ্র, মিচেলরা সবাই ব্যর্থ।

কিন্তু এরপরই আসল টুইস্ট। বলের ‘শাইন’ একটু কমতেই প্রতিরোধ শুরু নিউজিল্যান্ডের। শুরুটা করলেন হেনরি নিকোলস। পরে তাঁর সঙ্গে জুটি বাঁধলেন গ্লেন ফিলিপস। ধীরে ধীরে ক্রিজে থিতু হলেন তাঁরা। তারপর আর পিছনে ফিরে তাকাননি। ধীরে ধীরে বাড়িয়ে নিচ্ছেন রানের গতিও। দিনের শেষে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে ১১৩ রানে অপরাজিত নিকোলস। আর ফিলিপস খেলছেন ৯৪ রান করে। ঘুরে দাঁড়াতে হলে দ্বিতীয় দিন সাতসকালেই দুই ব্যাটারকে আউট করতে হবে। ফের নতুন বল হাতে সেই বুমরাহর দিকেই তাকিয়ে থাকতে হবে ম্যানেজমেন্টকে।

আসলে দুই সেট ব্যাটারের সামনে ভারতের বোলিং বিভাগকে অসহায় দেখাচ্ছে। হবে নাই কেন। একা বুমরাহ ছাড়া আর কোনও বোলারই পুরনো বলে সেভাবে দাগ কাটতে পারছেন না। আরেকজন যিনি কিনা অতীতে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করে এসেছেন, সেই মহম্মদ সিরাজকে তো কোনও এক অজ্ঞাত কারণে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে। একই পরিস্থিতি অভিজ্ঞ স্পিনার জাদেজারও। দিনের শেষে এই দুই তারকাকে বাদ দেওয়ারই খেসারত দিতে হচ্ছে না তো টিম ইন্ডিয়াকে? প্রশ্ন তুলে দিয়েছেন সুনীল গাভাসকরের মতো কিংবদন্তিও।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker