0%

সিধু-কানুকে প্রণাম করে ঘরে ফেরা, পাক-বধের নায়ক সন্দীপ-বরণে উৎসব কল্যাণীর আদিবাসী পাড়ায়

সন্ধ্যা সাড়ে সাতটা। কল্যাণীর সিধু-কানু মোড়ে এসে থামল চারচাকা গাড়িটি। সেই গাড়ি থেকে নেমে এলেন পাকিস্তান বধের নায়ক সন্দীপ মান্ডি। গায়ে ফেডারেশনের টি-শার্ট। গায়ে জড়ানো তেরঙ্গা পতাকা। মাথায় আদিবাসী স্টাইলে গামছা বাঁধা। সদ্য সাফ চ্যাম্পিয়ন হয়ে নিজের পাড়ার মোড়ে নেমেই প্রণাম করলেন সিধু-কানুর তির-ধনুক হাতের চিরপরিচিত মূর্তিটিকে। ফুল দিলেন দুই মূর্তির পায়ে। 

ততক্ষণে ধামসা-মাদলের আওয়াজে কল্যাণীর সেই চত্বরে এক অদ্ভুত পরিবেশ। কয়েকশো আদিবাসী যুবক আর আদিবাসী মহিলার উচ্ছ্বাস দূর-দূরান্ত পর্যন্ত বার্তা পোঁছে দিচ্ছিল এক আদিবাসী যুবকের জয়যাত্রার। তারসঙ্গে তাল দিয়ে নারী-পুরুষ নির্বিশেষে হাতে হাত ধরে আদিবাসী নৃত্য। এভাবেই শোভাযাত্রা সহকারে দেশের নতুন নায়ককে বরণ করে নিল তাঁর পাড়া। প্রায় দেড় কিলোমিটার পথ। এই দেড় কিলোমিটার পথ সন্দীপের কাছে কয়েক মাইলের সমান হয়ে দাঁড়িয়েছে। মোড়ে মোড়ে শোভাযাত্রা থেমেছে। বারবার আদিবাসী রীতিতে কাঁসার থালায় দাঁড় করিয়ে পা ধুইয়ে দিয়েছেন এই পাড়ার লোকজন। পায়ে তেল মাখিয়ে দিয়েছেন। আর চলেছে পুষ্পবৃষ্টি।

মা সরলা মান্ডির সঙ্গে সন্দীপ। ছবি সংগৃহীত।

এত ফুল! না দেখলে বলে বোঝানো যাবে না। এই ছেলে নিজের শিকড় ভোলেনি। পাড়ায় যেতে যেতে ঠাকুরমার বাড়িতে গিয়েছেন। প্রায় নব্বই বছরের ঠাকুমা আলাদি মান্ডির পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। সেই বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কাকা সাগরাম মান্ডির সঙ্গে দেখা করে এসেছেন। সেই সাগরাম, কলকাতা ময়দান যাঁকে বিস্মৃতিতে ফেলে দিয়েছে। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার। ভাইপোকে জড়িয়ে ধরে তাঁকে বলতে শোনা গেল, “আমরা তো আর পারিনি দেশের হয়ে খেলতে। তুই আরও নাম কর।” এই শোভাযাত্রার ফাঁকেই নিজে গিয়ে দাঁড়ালেন অন্ধকারে ডুবে থাকা কল্যাণী আদিবাসী স্পোর্টিং ক্লাবের সামনে। সেখানে দাঁড়িয়ে সন্দীপ সবাইকে বললেন, “এখান থেকেই আমি আমার বাবা-কাকারা ফুটবলার হয়েছি।”

তাঁকে ঘিরে স্থানীয় আদিবাসীদের উচ্ছ্বাস চোখে দেখার মতো। এই আদিবাসী পাড়া ভারতীয় ফুটবলকে একাধিক ফুটবলার উপহার দিয়েছে। কিন্তু এই পাড়ার কোনও ফুটবলার জাতীয় দলের জার্সি গায়ে নায়ক হয়ে উঠতে পারেননি মঙ্গলবারের আগে। স্বাভাবিকভাবেই নতুন নায়ক পেয়ে প্রতিবেশীদের আবেগ দ্বিগুণ। বাড়িতে ঢোকার ঠিক আগের মুহূর্ত সন্দীপকে দেখা গেল প্রতিবেশীদের সঙ্গে নিজেও নাচ করতে শুরু করলেন। তাঁকে নিয়ে এই উন্মাদনা দেখে আপ্লুত সন্দীপ বলেন, “ভাবতেই পারছি না। এক কথায় অভূতপূর্ব। এখান থেকেই বড় হয়েছি। খুব ভালো লাগছে। এটা আমার বড় পাওনা।”

যদিও এদিন তিনি নিজের কৃতিত্বর থেকেও দলগত সাফল্যকেই তুলে ধরছেন। বলছেন, “এই সাফল্য আমার একার নয়। গোটা দলের। এই জয় দলের। আমাদের আন্ডারডগ ভেবেছিল। সেই ভুল শুধরে দিয়েছি আমরা। কোচ আমাদের যা বলে দিয়েছিল, তা অক্ষরে অক্ষরে পালন করেছি।” আর ফাইনালের গোল নিয়ে বলছেন, “যখন গোলটা হয়েছিল, তখন সামনে পুরো অন্ধকার দেখেছি। বিশ্বাসই হচ্ছিল না আমি গোল করেছি।”

ভিড়ের মধ্যেই সন্দীপের বাবা রেলওয়ে এফসির প্রাক্তন ফুটবলার সুন্দর মান্ডিকে প্রশ্ন করা হল, গর্ব হয়? এই প্রশ্নের উত্তরে কিছুটা নীরবতা, কিছুটা চোখ ছল ছল। বললেন, “অবশ্যই। তবে আমরা কিন্তু প্রথমে বুঝতে পারিনি গোলটা ও করেছিল। কারণ তখন ইন্টারনেট কাজ করছিল না। পরে যখন ঠিক হল, তখন দেখলাম সন্দীপ জার্সি খুলে সেলিব্রেশন করছে।”

নবতিপর ঠাকুমার সঙ্গে ভারতের জয়ের নায়ক। ছবি সংগৃহীত।

পাকিস্তান বধের নায়ক সন্দীপ মান্ডিকে ঘিরে বুধবার কল্যাণীর ১৪ নম্বর আদিবাসী পাড়ায় যখন উপচে ভরা ভিড়, তখন তাঁর বাবা সুন্দর মান্ডির চোখমুখে যেন যুদ্ধজয়ের হাতছানি। আর হবে নাই বা কেন? যে স্বপ্ন তিনি দেখেছিলেন বছর তিরিশ আগে। জাতীয় দলে খেলার স্বপ্ন, সেই স্বপ্ন নিজে না পূরণ করতে পারলেও তাঁর ছেলের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। বাবা সুন্দরের কোনওদিন জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে না পারার দুঃখ পুরোপুরি মুছিয়ে দিয়েছে সন্দীপের এই সাফল্য।

উল্লাসের মধ্যে সন্দীপের বাবা রেলওয়ে এফসির প্রাক্তন ফুটবলার সুন্দর বলছিলেন, “আমার ইচ্ছা ছিল জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার। আমি পারিনি। সন্দীপ আমার সেই স্বপ্ন পূরণ করল। ষোলো বছর হয়ে গিয়েছে খেলা ছেড়েছি। একটা আফসোস ছিলই। আজ আর আফসোস নেই। শুধু জাতীয় দলের জার্সি গায়ে চাপায়নি। পাকিস্তানের বিরুদ্ধে গোল করে দেশকে জিতিয়েছে। এত থেকে বড় পুরস্কার আর কী হতে পারে।” সন্দীপের মা সরলা মান্ডি বলে গেলেন, “ওর গোলে গোটা দেশ খুশি। তাই আমরাও খুশি।” 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker